ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার থেকে সংগ্রহ করা অর্থ দিয়ে এমআই সিমেন্টের কারখানা সম্প্রসারণ কাজ শেষ হয়েছে।
এর ফলে কোম্পানিটির উৎপাদন ক্ষমতা বর্তমানের চেয়ে দ্বিগুণ হচ্ছে বলে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে, এমআই সিমেন্ট কারখানার চতুর্থ ইউনিটের সম্প্রসারণ কাজ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার থেকে এর পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে। ২৬ নভেম্বর থেকে শুরু হবে বাণিজ্যিক উৎপাদন।
এমআই সিমেন্ট কারখানার পরিচালক (মার্কেটিং ও ফিন্যান্স) আলমগীর কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমানে কোম্পানিটির তিনটি ইউনিটের প্রতিদিনের গড় উৎপাদন ক্ষমতা ৩ হাজার টন। নতুন বসানো চতুর্থ ইউনিটের উৎপাদন ক্ষমতা ৩ হাজার টন। এ ইউনিট চালু হওয়ার পর কোম্পানির উৎপাদন ক্ষমতা দ্বিগুণ হয়ে যাবে।"
"আমরা বর্তমানে বছরে প্রায় সাড়ে ৮ লাখ টন সিমেন্ট উৎপাদন করছি। চতুর্থ ইউনিট চালু হলে কোম্পানির বাৎসরিক উৎপাদন ক্ষমতা প্রায় ১৭ লাখ টনে পৌছবে," বলেন তিনি।
পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে (আইপিও) সংগ্রহ করা অর্থ দিয়ে চতুর্থ ইউনিট স¤প্রসারণের কাজ শেষ হয়েছে বলে জানান আলমগীর কবীর।
চলতি বছরের মে মাসে বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয় এমআই সিমেন্ট। তালিকাভূক্তির মাধ্যমে পুঁজিবাজার থেকে প্রায় ৩৩৪ কোটি সংগ্রহ করে কোম্পানিটি।
এমআই সিমেন্ট কারখানার উৎপাদিত সিমেন্টের নাম ক্রাউন সিমেন্ট। এ সিমেন্ট বিদেশেও রপ্তানি হচ্ছে বলে জানান আলমগীর কবীর।
তিনি বলেন, "আমরা মোট উৎপাদনের ১৩ শতাংশ রপ্তানি করি। বর্তমানে ভারতের উত্তর-পূর্বাঞ্চাচলীয় রাজ্যগুলো রপ্তানি হচ্ছে। তবে শিগগিরই মিয়ানামার ও আফ্রিকার কয়েকটি দেশেও রপ্তানি শুরু হবে।"
সর্বশেষ দেওয়া আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এমআই সিমেন্ট প্রথম প্রান্তিকে (জুলাই ২০১১ থেকে সেপ্টেম্বর ২০১১) কর পরবর্তী মুনাফা করেছে প্রায় ২০ কোটি টাকা এবং ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় হয়েছে ২ টাকা ১ পয়সা।
আগের বছরের একই সময়ে কর পরবর্তী মুনাফা ছিল ৯ কোটি ১৬ লাখ টাকা এবং শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৩১ পয়সা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৮৫৩ ঘ.
bdnews24