ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আগে শেষ কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমে প্রায় তিন বছর আগের অবস্থায় পৌঁছেছে।
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ১৮১ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার। শেষবার এর চেয়ে কম লেনদেন হয়েছিল ২০০৮ সালের ১৭ ডিসেম্বর। ওইদিন লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১০৯ কোটি টাকা।
অবশ্য পুঁজিবাজারে ব্যাপক অস্থিরতার সময়ে চলতি বছর ২০ জানুয়ারি ডিএইতে মাত্র ৬৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ওইদিন সূচক কমার সর্বোচ্চ সীমা অতিক্রম করায় ৬ মিনিটের মাথায় লেনদেন বন্ধ করে দেওয়া হয়।
গত ডিসেম্বর থেকে শুরু হওয়া দরপতনের ধারা থেকে পুঁজিবাজারকে বের করতে বিভিন্ন পক্ষের দাবির মুখে গত বাজেটে পুঁজিবাজারে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়।
এতে একমাস চাঙ্গাভাব থাকলেও জুলাইয়ের শেষ দিকে আবার নিুমুখী ধারা শুরু হয় দেশের দুই পুঁজিবাজার। গত প্রায় তিন মাসে ডিএসই সূচক কমেছে ১ হাজার ৫০০ পয়েন্টের মতো।
গত রোববার ডিএসই সাধারণ সূচক কমে প্রায় দুই বছর আগের অবস্থায় চলে আসে।
চার দিন টানা দরপতনের পর মঙ্গলবার ডিএসই সাধারণ সূচক ১৬৮ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২০৫ দশমিক ১৭ পয়েন্টে দাঁড়ায়। বুধবার তা সামান্য বেড়ে হয় ৫ হাজার ২০৯ দশমিক ৪১ পয়েন্ট।
কিন্তু সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ডিএসইর সাধারণ সূচক দশমিক ৪৪ পয়েন্ট হারিয়ে ৫ হাজার ২০৮ দশমিক ৯৬ পয়েন্টে নেমে আসে।
এ বাজারে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১২০টির। অপরিবর্তিত রয়েছে ১৪টির দাম।
আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাছাই সূচক (সিএসসিএক্স) ৪৬ পয়েন্ট কমে হয়েছে ৯ হাজার ৫০২ পয়েন্ট।
সিএসইতে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ৬১টির। ১৬টির দাম অপরিবর্তিত ছিল। লেনদেন হয়েছে ২২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার।
বাজারের এই পরিস্থিতিতে গত সোমবার সংবাদ সম্মেলন করে ব্যাংকগুলোকে পুঁজিবাজারে সর্বোচ্চ বিনিয়োগে বাধ্য করার দাবি জানায় ক্ষুদ্র বিনিয়োগকারীরা। ৬ ডিসেম্বরের মধ্যে এ দাবি মানা না হলে ৭ ডিসেম্বর মহাসমাবেশ করারও ঘোষণা দিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।
নয় দিন ছুটি
সাপ্তাহিক ও ঈদুল আজহার ছুটি মিলিয়ে শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে টানা নয় দিন। ফলে ঈদের আগে বৃহস্পতিবারই শেষ লেনদেন হয়।
ডিএসইর উপ মহা-ব্যবস্থাপক (জনসংযোগ ও প্রকাশনা) মো. শফিকুর রহমান জানান, শুক্রবার ছুটি শুরুর পর ১৩ নভেম্বর রোববার থেকে ডিএসইতে আবার লেনদেন শুরু হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১৫৩৫ ঘ.
bdnews24