২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই: সূচক সামান্য বেড়েছে

অপেক্ষাকৃত কম মূল্যে কেনা শেয়ারের বিক্রির চাপের ভেতরেও বুধবার সামান্য সূচক বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2011, 05:36 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপেক্ষাকৃত কম মূল্যে কেনা শেয়ারের বিক্রির চাপের ভেতরেও বুধবার সামান্য সূচক বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে। বুধবার ডিএসই সাধারণ সূচক ৪ পয়েন্ট বেড়ে হয়েছে ৫ হাজার ২০৯ পয়েন্ট। আর সিএসই বাছাই সূচক (সিএসসিএক্স) ১৬ পয়েন্ট কমে হয়েছে ৯ হাজার ৫৪৯ পয়েন্ট। ডিএসই'র জ্যেষ্ঠ সহ-সভাপতি আহসানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ বাজারের আচরণ অনেকটা স্থিতিশীল ছিল। তবে পুরোপুরি স্থিতিশীল হতে আরো সময় লাগবে।" টানা চারদিনে ৫১৮ পয়েন্ট সূচক হারানোর পর মঙ্গলবার ডিএসই সাধারণ সূচক ১৬৮ পয়েন্ট বেড়ে হয় ৫ হাজার ২০৫ পয়েন্ট। এরপর বুধবার সূচকের ঊর্ধ্বমূখি প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়। একঘণ্টার লেনদেনে সূচক প্রায় ১০৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৩১২ পয়েন্ট। এরপর সূচক কমতে শুরু করে। আহসানুল ইসলাম বলেন, "যারা স্বল্প মেয়াদে কেনাবেচা করেন, তারা কিছুটা মুনাফা পাওয়ায় আজ বিক্রি করতে চেয়েছেন। এ কারণে কিছুটা বিক্রির চাপও ছিল।" "তবে সূচক কমেনি এটা একটা ইতিবাচক দিক," বলেন তিনি। গত রোববার ডিএসই সাধারণ সূচক ২৩১ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৭৭ পয়েন্ট। ওইদিন কেনা শেয়ার বুধবার বিক্রির উপযোগী হয়। বুধবার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৯৭টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির দাম। এদিন ব্যাংক, ইন্সুরেন্স, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, টেলিযোগাযোগ ও বস্ত্র খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ার দর হারালেও সিমেন্ট খাতের সব কোম্পানির শেয়ারেরই দর বেড়েছে। অন্যদিকে মিশ্র প্রবণতায় ছিল মিউচুয়াল ফান্ড, প্রকৌশল, খাদ্য ও আনুষঙ্গিক, বিদ্যুৎ ও জ্বালানি এবং বিবিধ খাতের কোম্পানির শেয়ার। ডিএসইতে বুধবার হাতবদল হয়েছে ২৮২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১৭ কোটি ২৩ লাখ টাকা বেশি। লেনদেনের শীর্ষে ছিলো- তিতাস গ্যাস, বেক্সিমকো লিমিটেড, গ্রামীণফোন, ন্যাশনাল ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, সোশ্যাল ইসলামি ব্যাংক, এমআই সিমেন্ট, ইউসিবিএল, ইসলামি ব্যাংক ও সামিট পাওয়ার। দাম বাড়ার শীর্ষে ছিল- ইমাম বাটন, ন্যাশনাল টিউবস্, হাক্কানী পাল্প, শমরিতা হামপাতাল, সাউথইষ্ট ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড, এপেক্স ট্যানারী, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বঙ্গজ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক ও ফাইন ফুডস্। অন্যদিকে দাম কমার শীর্ষে ছিলো- ন্যাশনাল পলিমার, সাভার রিফ্রেক্টরিজ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, ডেল্টা স্পিনার্স, ইস্টার্ন ব্যাংক, ইবিএলএনআরবি মিউচুয়াল ফান্ড, মেট্রো স্পিনিং, প্ল্যাক্সো স্মিথ, জনতা ইন্স্যুরেন্স, ইসলামি ইন্স্যুরেন্স ও এশিয়ান ইন্স্যুরেন্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২৩০০ ঘ.