২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রাতিষ্ঠানিক বিনিয়োগে সূচক ঊর্ধ্বমুখী'

টানা চার দিন পতনের পর মঙ্গলবার সূচকের ঊর্ধ্বগতি দেখে পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। শেয়ার বাজার চাঙ্গা রাখতে এ বিনিয়োগ আরও বাড়াতে হবে বলেও মনে করেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 02:45 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা চার দিন পতনের পর মঙ্গলবার সূচকের ঊর্ধ্বগতি দেখে পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। শেয়ার বাজার চাঙ্গা রাখতে এ বিনিয়োগ আরও বাড়াতে হবে বলেও মনে করেন তারা। এদিকে পুঁজিবাজারে আবারও দরপতন হবে কী না তা নিয়ে সংশয়ে রয়েছেন ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা। মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ১৬৮ পয়েন্ট বেড়ে হয়েছে ৫ হাজার ২০৫ পয়েন্ট। এর আগে টানা চারদিনের দরপতনে সূচক ৫১৮ পয়েন্ট কমে প্রায় দু' বছর আগের অবস্থায় চলে আসে। টানা দরপতনের ধারায় বিনিয়োগকারীদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে। রাস্তায় নেমে বিক্ষোভ করে ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীরা। মঙ্গলবার বাজারের ঊর্ধ্বমুখীভাবের কারণ জানতে চাইলে ডিএসই-এর জ্যেষ্ঠ সহ-সভাপতি আহসানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমককে বলেন, "বাজার দেখে মনে হচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। তারা বাজারে এসেছে।" "তবে বাজার যে স্থিতিশীলতার দিকে যাচ্ছে তা আরো কয়েকদিন না গেলে বোঝা যাবে না।" পতনের ধারা থেকে পুঁজিবাজারকে টেনে তুলতে ব্যাংকগুলোর বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকের পক্ষ থেকে বিনিয়োগ বাড়ানোর আশ্বাসও দেওয়া হয়। এ ছাড়া নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড এবং সরকারের পক্ষ থেকে দরপতন ঠেকাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। এসব উদ্যোগের পরও দরপতনের ধারা অব্যাহত থাকায় গত তিন মাসে সূচক ১ হাজার ৭০০ পয়েন্ট কমে প্রায় দু' বছর আগের অবস্থায় চলে আসে সোমবার। ব্যাংকগুলো পুঁজিবাজারে বিনিয়োগ বাড়িয়েছে কি না তা নিয়েও প্রশ্ন দেখা দেয়। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সভাপতি ফখর উদ্দিন আলী আহমদ মনে করেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগের কারণেই মঙ্গলবার বাজার উর্ধ্বমুখী হয়েছে। তিনি বলেন, "প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাপোর্ট না দিলে এখন বাজার ঊর্ধ্বমুখী হবে কেন?" তবে নানামুখী উদ্যোগের পরও বার বার পুঁজিবাজার পতনের কারণে হতাশাগ্রস্থ বিনিয়োগকারী মাজহারুল ইসলাম বলেন, "কোনো কিছুতেই আমাদের আর এখন আস্থা নেই। যতই উদ্যোগ নেওয়া হোক, দুই দিনের বেশি বাজার ভালো থাকে না।" "সূচক হু হু করে বাড়–ক এটা আমরা চাই না। আমরা চাই বাজারে স্থিতিশীলতা থাকুক" বলেন তিনি। মঙ্গলবার ডিএসইতে সূচক বাড়লেও আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। এদিন হাতবদল হয়েছে ২৬৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ২৫ কোটি ৩৪ লাখ টাকা কম। আহসানুল ইসলাম বলেন, "একদিনে সূচক ২০০ পয়েন্ট বেড়ে যাওয়াটা ঠিক না। এ ছাড়া সূচকের প্রচুর ওঠানামা দেখা যাচ্ছে।" "প্রতিদিন গড়ে ১ হাজার কোটি টাকা লেনদেন হলে বলা যাবে মুভমেন্টটা ঠিক আছে। তবে তিন মাস ধরে যে জায়গা থেকে বাজার নেমেছে, হঠাৎ করেই সেখানে চলে যাবে এটা ভাবাও ঠিক না", বলেন ডিএসই জ্যেষ্ঠ সহ-সভাপতি। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ২৫৪ টি কো¤পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২২৮ টির কমেছে ২১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টি। লেনদেনের শীর্ষে ছিল, বেক্সিমকো লিমিটেড, গ্রামীন ফোন, তিতাস গ্যাস, মার্কেন্টাইল ব্যাংক, সোশ্যাল ইসলামি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ইউসিবিএল, ন্যাশনাল ব্যাংক, সামিট পাওয়ার ও সিটি ব্যাংক। দাম বাড়ার শীর্ষে ছিল, সায়হাম টেক্সটাইল, ফাইন ফুডস্, মিরাক্যাল ইন্ডাস্ট্রিজ, মেঘনা সিমেন্ট, প্রিমিয়ার ব্যাংক, ফুওয়াং সিরামিকস, লিগেসি ফুটস, অ্যাক্টিভ ফাইন, ফিনিক্স ইন্সুরেন্স ও আনলিমা ইয়ার্ন। দাম কমার শীর্ষে ছিল, উসমানিয়া গ্লাস, হাক্কানী পাল্প, অষ্টম আইসিবি, মুন্নু জুটেক্স, মুন্নু স্টাফলার, সাভার রিফ্রেক্টরিজ, পূরবী জেনারেল ইন্সুরেন্স, রহিম টেক্সটাইল, লিবরা ইনফিউশন ও মেঘনা পেট্রোলিয়াম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/২০৩৮ ঘ.