২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানোর দাবি

পুজিবাজারে চাঙ্গাভাব ফিরিয়ে আনতে ব্যাংকগুলোকে সর্বোচ্চ বিনিয়োগে বাধ্য করার দাবি জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। ৬ ডিসেম্বরের মধ্যে এ দাবিসহ অন্যান্য দাবি না মানা হলে ৭ ডিসেম্বর মহাসমাবেশ করা হবে বলে জানিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 06:25 AM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুজিবাজারে চাঙ্গাভাব ফিরিয়ে আনতে ব্যাংকগুলোকে সর্বোচ্চ বিনিয়োগে বাধ্য করার দাবি জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। ৬ ডিসেম্বরের মধ্যে এ দাবিসহ অন্যান্য দাবি না মানা হলে ৭ ডিসেম্বর মহাসমাবেশ করা হবে বলে জানিয়েছে তারা। পুঁজিবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে মতিঝিল বাণিজ্যিক এলাকার একটি অফিসে সোমবার দুপুরে সংবাদ সম্মেলন শুরু করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি, এ. কে. এম মিজানউর রশিদ চৌধুরী বলেন, ব্যাংকগুলোকে পুঁজিবাজারে সর্বোচ্চ বিনিয়োগে বাধ্য করতে হবে। প্রচলিত আইন অনুযায়ী ১০ শতাংশ নিয়মসীমায় ব্যাংকগুলোর ৪৫ হাজার কোটি টাকা বিনিয়োগ মঙ্গলবার থেকেই বাস্তবায়ন করার দাবি করেন তিনি। লিখিত বক্তব্যে মার্চেন্ট ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, আর বীমা কোম্পানিগুলোকে দেশের প্রচলিত আইনি সীমার মধ্যে সর্বোচ্চ বিনিয়োগে বাধ্য করারও দাবি জানান তিনি। বিনিয়োগকারীদের দাবি, মিউচুয়াল ফান্ডের মূলধনের ৮০ শতাংশ বাধ্যতামূলকভাবে পুঁজিবাজারে বিনিয়োগ করতে হবে। কোম্পানি আইন সংশোধন করে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কমপক্ষে ৪০ শতাংশ থেকে ৫০ শতাংশ শেয়ার এবং ব্যাক্তি উদ্যোক্তার কমপক্ষে ৩০ শতাংশ শেয়ার সারা বছর ধরে রাখার নিয়ম করার দাবি জানান ঐক্য পরিষদ সভাপতি। অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের ব্যাপারে এনবিআর ও দুদকের অনাপত্তি পত্র ৭২ ঘন্টার মধ্যে জারি করার দাবি জানানো হয়। এছাড়া বাংলাদেশ ফান্ডসহ আইসিবির সব বিনিয়োগ ফান্ড নিয়ে পুঁজিবাজারে দ্রুত শেয়ার কেনা এবং প্রিমিয়াম ছাড়া ফেসভ্যালুতে আইপিও বাজারে আনার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলা ও মামলা দায়ের বন্ধ করার দাবি জানানো হয়। এসব দাবি মঙ্গলবার থেকেই বাস্তবায়ন করা শুরু না করলে 'দুর্বার আন্দোলন' কর্মসূচি দেওয়া হবে বলে হুশিয়ারি দেওয়া হয়। ৬ ডিসেম্বরের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন ও বাজার স্থিতিশীল না হলে ৭ তারিখে সব বিনিয়োগকারীকে সঙ্গে নিয়ে ঢাকা শহরে মহা সমাবেশের ডাক দেয়া হবে বলে সংবাদ সম্মেলনে বলা হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, বাজার চাঙ্গা না হওয়া পর্যন্ত প্রতিদিন ডিএসই-এর সামনে আন্দোলন চলবে। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, পুঁজিবাজারের ব্যাপারে অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংক গভর্নর নেতিবাচক মন্তব্য করছেন। দেশের একটি শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকাতেও নেতিবাচক ও বিভ্রান্তিমূলক প্রতিবেদন ছাপা হচ্ছে। পুজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ এর তীব্র নিন্দা জানিয়েছে। সংবাদ সম্মেলনের পর দুপুর ১টার দিকে ডিএসই-এর সামনে মানববন্ধনও করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৯০৬ ঘ.