২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দরপতনে বিক্ষোভ

সপ্তাহের দ্বিতীয় দিনেও দরপতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। প্রতিবাদে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 05:39 AM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের দ্বিতীয় দিনেও দরপতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। প্রতিবাদে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৪০ দশমিক ৬৩ পয়েন্ট কমে ৫ হাজার ৩৬ দশমিক ৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। রোববার সপ্তাহের প্রথম দিনেও ব্যাপক দরপতন হয়েছিল। লেনদেন শুরুর পর ১১ টা ১০ মিনিটে সূচক ৩৬ পয়েন্ট কমে ৫ হাজার ৪১ পয়েন্টে দাঁড়ায়। এরপর সূচক বাড়তে থাকে। বেলা ১২টার দিকে সূচক দিনের সর্বোচ্চ অবস্থান ৫ হাজার ১৪৯ পয়েন্টে ছিল। তারপর আবার সূচক কমতে থাকে। রোববার ডিএসই সাধারণ সূচক ২৩১ পয়েন্ট বা ৪ দশমিক ৩৬ শতাংশ কমে হয়েছিল ৫ হাজার ৭৭ পয়েন্ট। সোমবার এক পর্যায়ে ৫ হাজার ৯ পয়েন্ট পর্যন্ত সূচক নামে। সর্বশেষ এর চেয়ে কম সূচক ছিল ২০১০ সালের ২০ জানুয়ারি। ওই দিন ডিএসই সাধারণ সূচক ছিল ৪ হাজার ৯৯৮ পয়েন্ট। লেনদেন হওয়া কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ১৬৩টির। অপরিবর্তিত রয়েছে ১১টির দাম। লেনদেন হয়েছে ২৯০ কোটি ৮৬ লাখ টাকার। শেয়ারবাজারে চাঙ্গাভাব ফিরিয়ে আনার দাবিতে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে সাধারণ বিনিয়োগকারীরা সাড়ে ১১টার দিকে ডিএসই ভবনের সামনে জড়ো হয়। পরে বিনিয়োগকারীরা ১২ টার দিকে মতিঝিলের একটি অফিসে সংবাদ সম্মেলন করে। দুপুর ১টার দিকে আবার ডিএসই-এর সামনে অবস্থান নেয় তারা। বিনিয়োগকারীরা ডিএসই-এর সামনের রাস্তায় বিক্ষোভ করে। ফলে মতিঝিল শাপলা চত্ত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত রাস্তার দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকাল চারটার দিকে আবার যান চলাচল শুরু হয়। সংবাদ সম্মেলনে পুঁজিবাজারে চাঙ্গাভাব ফিরিয়ে আনতে ব্যাংকগুলোকে সর্বোচ্চ বিনিয়োগে বাধ্য করার দাবি জানিয়েছে বিনিয়োগকারী ঐক্য পরিষদ। ৬ ডিসেম্বরের মধ্যে এ দাবিসহ অন্যান্য দাবি না মানা হলে ৭ ডিসেম্বর মহাসমাবেশ করা হবে বলে জানিয়েছে তারা। দরপতনের প্রতিবাদে রোববারও বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ করেছিল ক্ষুদ্র বিনিয়োগকারীরা। তারা অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ডিএসই কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্লোগান দেয়। পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ বাড়ানোর ঘোষণার পর ডিএসইর সূচক বাড়ার মধ্য দিয়ে শুরু হয় গত সপ্তাহের লেনদেন। কিন্তু ব্যাংকের বিনিয়োগ বাড়ানোর বিষয়ে বিশ্ব ব্যাংক ও আইএমএফের একটি প্রতিবেদন দুটি পত্রিকায় প্রকাশিত হওয়ার পর বুধবার ও বৃহস্পতিবার বাজারে ধ্বস নামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৬৩৫ ঘ.