ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের প্রণোদনা আর ব্যাংকারদের বিনিয়োগ বাড়ানোর আশ্বাসের পরও সূচক ও দরপতনের মধ্য দিয়ে সপ্তাহ শেষ করেছে ঢাকার পুঁজিবাজার। পরিস্থিতি স্থিতিশীল করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে বিক্ষোভ করেছে সাধারণ বিনিয়োগকারীরা।
বৃহস্পতিবার বেলা ৩টায় লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১০৩ পয়েন্ট কমে হয়েছে ৫ হাজার ৩০৮ পয়েন্ট।
ওই সময় পর্যন্ত লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২৪টির, কমেছে ২২৬টির। অপরিবর্তিত ছিল ২টির দর। লেনদেন হয়েছে ২৪৪ কোটি টাকার শেয়ার।
টানা দ্বিতীয় দিনের মতো দরপতন চলতে থাকায় বেলা দেড়টা থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে বিনিয়োগকারীরা। লেনদেন শেষ হওয়ার পর বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে শুরু হয় মিছিল। এ সময় বাজার স্থিতিশীল করতে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ এবং এ পর্যন্ত সরকারের দেওয়া সব প্রণোদনা ও ব্যাংকের বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।
এ সময় শ্লোগান শোনা যায়- 'শেয়ার বাজার ঠিক কর, নইলে বুকে গুলি কর', 'আইএমএফের দালালেরা হুঁশিয়ার সাবধান'।
তাদের মিছিলের কারণে ডিএসইর সামনে রাস্তার একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিশৃঙ্খলার আশঙ্কায় সকালেই ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে ও মতিঝিল এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
বিকাল পৌনে ৪টায় বিনিয়োগকারীরা মিছিল নিয়ে শাপলা চত্বর ঘুরে এসে আবার ডিএসইর সামনে অবস্থান নেয়। পুঁজিবাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।
বিক্ষোভের সময় বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ সভাপতি মিজানুর রশীদ চৌধুরী বলেন, "পুঁজিবাজার নিয়ে বিভিন্ন পদক্ষেপের কথা পত্র পত্রিকায় এসেছে। কিন্তু তার কোনো বাস্তবায়ন নেই। এগুলো কার্যকর হলে বাজার এভাবে দিনের পর দিন পড়তো না।"
তিনি অবিলম্বে এসব উদ্যোগের বাস্তবায়ন দাবী করেন।
সকালে লেনদেন শুরুর পর প্রথমে সূচক কিছুটা উঠলেও আধ ঘণ্টার মাথায় তা আগের দিনের চেয়ে ৪৮ পয়েন্ট কমে যায়। একপর্যায়ে তা ১০২ পয়েন্ট পড়ে যায়। এরপর আবার সামান্য উঠলেও বজায় থাকেনি সেই ধারা।
এদিন লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গ্রামীণ ফোন, স্যোশাল সিকিউরিটি ব্যাংক, তিতাস গ্যাস, ওয়ান ব্যাংক, বেক্সিমকো, যমুনা ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, সিটি ব্যাংক, মালেক স্পিনিং।
দর বৃদ্ধির তালিকার শীর্ষ দশ প্রতিষ্ঠান হলো রিলায়েন্স প্রথম মিউচুয়াল ফান্ড, অ্যাটলাস বাংলা, যমুনা ব্যাংক, ঢাকা ব্যাংক, ইবিএল এনআরবি মিউচুয়্যাল ফান্ড, ফাস ফাইন্যান্স, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স, গ্রামীণ ফোন, ন্যাশনাল টি, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড।
অপরদিকে দর হ্র্রাসের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লিবরা ইনফিউশন, অলটেক্স, আনলিমা ইয়ার্ন, বিডিঅটোকারস, ফাস্ট লিজ ফাইন্যান্স, আজিজ পাইপস, দেশবন্ধু গার্মেন্টস, কনফিডেন্স সিমেন্ট, ইসলামিক ইন্সুরেন্স, ফুওয়াং সিরামিকস।
ব্যাংকগুলো চলতি সপ্তাহ থেকেই পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াবে- এমন ঘোষণার পরও বুধবার ডিএসইর সাধারণ ১৪৩ পয়েন্ট পড়ে গেলে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসে। বাজার স্থিতিশীল করতে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ চান তারা।
মঙ্গলবার সূচক বাড়লেও পরদিনই এই পতনের কারণ হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বরাত দিয়ে পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনের কথা উল্লেখ করেন বিনিয়োগকারীরা।
মাহফুজুল হক নামের একজন বিনিয়োগকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইএমএফের বক্তব্যের কারণে ব্যাংকগুলো বিনিয়োগ না করলে বাজারে আবার ধস নামবে। এ কারণে আমি আজ কম দামেই শেয়ার বিক্রি করে দিয়েছি।"
পুঁজিবাজারে ব্যাংক খাতের বিনিয়োগ বাড়ানোর ঘোষণায় আইএমএফের উদ্বেগের কথা জানিয়ে বুধবার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, "আইএমএফের মতে, এই তহবিল (পুঁজিবাজার নিয়ন্ত্রণে) ব্যর্থতাকে পুরস্কৃত করবে। এটি শুধু ভুল নয়, উদ্যোগের প্রকৃত উদ্দেশ্য নিয়েই প্রশ্নের জন্ম দিচ্ছে। ঋণগ্রস্ত বিনিয়োগকারীদের রক্ষায় শেয়ারের বিপরীতে তহবিলটির ইউনিট বিনিময়ের কথা বলা হয়েছে। এতে ঋণদাতা প্রতিষ্ঠানের সঙ্গে ঋণগ্রহীতার দ্বিপক্ষীয় চুক্তি লঙ্ঘিত হবে।
বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রশীদ চৌধুরী বলেন, "আইএমএফ ও বিশ্বব্যাংক অযাচিতভাবে পুঁজিবাজারে মন্তব্য করে ক্ষতি করছে। তাদের তো একটি দেশের পুঁজিবাজার নিয়ে এভাবে কথা বলার অধিকার নেই।"
অবশ্য ঢাকা স্টক এক্সচেঞ্জ সভাপতি শাকিল রিজভী আইএমএফের প্রতিবেদনের কারণে বাজার পতনের আশঙ্কা নাকচ করে দিয়েছেন।
তিনি বলেন, "প্রফিট টেকিংয়ের কারণে সূচক কিছুটা নেমে আসতে পারে। তবে কেনাবেচার পরিমাণ ভাল। ফান্ডামেন্টাল শেয়ারের লেনদেন বেশি হচ্ছে। দিনশেষে বাজার ভালো হবে বলেই আশা করছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এফএফএস/জেকে/১৫২৮ ঘ.
bdnews24