২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ব্যাংক এসেছে, পুঁজিবাজার ঠিক হবেই'

ব্যাংকগুলো পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে শুরু করায় বাজার স্থিতিশীল হয়ে যাবে বলে আশা করছেন ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2011, 04:42 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংকগুলো পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে শুরু করায় বাজার স্থিতিশীল হয়ে যাবে বলে আশা করছেন ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। তিনি বলেছেন, পুঁজিবাজারে বিনিয়োগ করার মতো ৪৫ হাজার কোটি টাকা ব্যাংকগুলোর হাতে রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভী এবং মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজও মনে করেন, পুঁজিবাজার ধীরে ধীরে স্থিতিশীলতার দিকেই যাচ্ছে। মঙ্গলবার সিকিউরটিজি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে এক বৈঠক শেষে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, "আমার ব্যাংকসহ সব ব্যাংক বাজারে বিনিয়োগ করছে। আমরা ব্যাংকাররা তো বসে নেই, আস্তে আস্তে কিনছি। আমাদের বিনিয়োগ অব্যাহত আছে এবং তা থাকবে।" "ইস্টার্ন ব্যাংক ১২০ কোটি টাকা, পূবালী ব্যাংক ১০০ কোটি টাকা ছাড়াও এক্সিম ব্যাংক, মার্কেন্টাইল, প্রিমিয়ার, ইসলামী ব্যাংক, শাহজালালসহ সব ব্যাংকই বিনিয়োগ করছে। কিন্তু ব্যাংক তো একদিনে হাজার কোটি টাকা বিনিয়োগ করবে না। প্রতিটি ব্যাংক নিয়ম মেনেই বিনিয়োগ করছে।" বাজার এবার স্থিতিশীল হবে- এমন দৃঢ় আশা প্রকাশ মজুমদার বলেন, "ব্যাংক যখন এগিয়ে এসেছে, তখন এই বাজার ঠিক হয়ে যাবে। ব্যাংকের তো আর টাকার অভাব নেই। মোট দায়ের ১০ শতাংশ হিসাবে এখনো ব্যাংকগুলোর হাতে বিনিয়োগ উপযোগী ৪৫ হাজার কোটি টাকা আছে। এর দশভাগ বাজারে এলেও তো অনেক টাকা।" "বাজার হঠাৎ আকাশে উঠে গেল, আবার পতনের মধ্য দিয়ে পাতালে নেমে এলো- এ রকম বাজার আমরা চাই না", যোগ করেন এই ব্যাংকার। নিয়ম অনুযায়ী, কোনো ব্যাংক তার মোট দায়ের ১০ শতাংশ পর্যন্ত পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারে। কিছু ব্যাংক এই সীমার অতিরিক্ত বিনিয়োগ করলেও গত সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর গড় বিনিয়োগ ছিল মোট দায়ের ৩ শতাংশের মতো। পুঁজিবাজারে টানা দরপতনের মুখে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে বলে। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এক জরুরি বৈঠক শেষে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, পুঁজিবাজারে যেসব ব্যাংকের বিনিয়োগ আইনি সীমার নিচে রয়েছে, তারা পরের সপ্তাহ থেকেই বিনিয়োগ বাড়াতে শুরু করবে। এই উদ্যোগের ঘোষণায় গত বৃহস্পতি ও রোববার ডিএসইর সাধারণ সূচক প্রায় ৩৯৫ পয়েন্ট বাড়ে। কিন্তু সোমবার তা ১৮০ পয়েন্ট কমে গেলে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে। ব্যাংকগুলো বিনিয়োগ বাড়িয়েছে কি না- তা নিয়েও প্রশ্ন তোলেন তারা। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম মজুমদার বলেন, "আপনাদের যদি সিডিবিএলে এক্সেস থাকে তাহলে ঢুকে দেখেন- ব্যাংকগুলো কি পরিমাণ বিনিয়োগ করছে।" আগের দিন দরপতন হলেও মঙ্গলবার ডিএসই সূচক ৮১ পয়েন্ট বাড়ে। এ বিষয়টিকে ইতিবাচক উল্লেখ করে ডিএসই সভাপতি শাকিল রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গতকাল পতনের পর আজ আবার সূচক বেড়েছে। এটা কিন্তু ভালো দিক।" তার মতে, "বাজার হয়তো লাফ দিয়ে ভালো হবে না, কিন্তু আস্তে আস্তে ভালোর দিকে যাবে। মাঝেমধ্যে একুট কমলে আতঙ্কিত হওয়ার কিছু নেই।" আগের দিনের চেয়ে মঙ্গলবার ৬৯ কোটি টাকা কম লেনদেন হওয়া প্রসঙ্গে ডিএসই সভাপতি বলেন, "কেউ লোকসানে শেয়ার বিক্রি করতে চাচ্ছে না। তাই লেনদেন কম হচ্ছে। তবে বাজার কিছুদিন স্থিতিশীল থাকলে আত্মবিশ্বাস ফিরবে। তখন লেনদেনও বাড়বে।" মোহাম্মদ এ হাফিজ বলেন, "প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে সক্রিয় রয়েছে। ব্যাংকগুলোও শেয়ার কিনছে। একারণেই আজ ইতিবাচক ধারায় ছিল বাজার।" তিনি বলেন, "এখন থেকে ওঠানামার মধ্য দিয়ে বাজার ভালোর দিকে যাবে। লাভে থেকে কেউ যদি শেয়ার বিক্রি করে এবং তাতে সূচক কোনো কোনো দিন সূচক কিছুটা কমেও যায় তাতে আতঙ্কিত হওয়ার নেই। জেনে শুনে বিনিয়োগ করলে এ বাজারেই ভালো মুনাফা করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।" বাজারে মঙ্গলবারের গতিপ্রকৃতি সম্পর্কে তিনি বলেন, "বড় পরিশোধিত মূলধনের বেশ কয়েকটি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এ থেকেই বোঝা যায় বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সক্রিয় ছিল।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরবি/জেকে/২০৩৬ ঘ.