ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি।
প্রতিষ্ঠানগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, ন্যাশনাল টি কোম্পানি ও কোহিনুর কেমিকেলস। পাশাপাশি ওরিয়ন ইনফিউশন বাজার লটও পরিবর্তন করবে বলে জানিয়েছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানিগুলো জানিয়েছে, তাদের পরিচালা পর্ষদ কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকার পরিবর্তে ১০ টাকা করার এই সিদ্ধান্ত নিয়েছে।
অভিহিতমূল্য পরিবর্তন এবং নতুন করে বাজার লট নির্ধরাণে বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়ার জন্য বিশেষ সাধারণ সভাও (ইজিএম) ডেকেছে কোম্পানিগুলো।
ইজিএমে অনুমোদন পেলে ওরিয়ন ইনফিউশনের বাজার লট হবে ২০টির বদলে ১০০ টি শেয়ারে। তবে বাকি দুই কোম্পানির লটে শেয়ারের সংখ্যা অপরিবর্তিত থাকবে।
আগামী ১ ডিসেম্বরের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত সব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করার জন্য ১৫ সেপ্টেম্বর আদেশ জারি করে এসইসি। সে অনুযায়ী, এসব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের রেকর্ড তারিখ হবে আগামী ১ ডিসেম্বর।
৪ ডিসেম্বর থেকে সব শেয়ার ও মিউচুয়াল ফান্ড ১০টা অভিহিত মূল্যে লেনদেন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/আরবি/জেকে/১৭৪৯ ঘ.
bdnews24