২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই সূচক ঊর্ধ্বমুখী

দিনের শুরুতে অস্থিরতা থাকলেও সপ্তাহের তৃতীয় দিন মাঝ বেলায় এসে ঊর্ধ্বমুখী সূচক নিয়ে লেনদেন চলছে ঢাকার পুঁজিবাজারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2011, 05:39 AM

Updated : 24 Aug 2022, 04:38 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনের শুরুতে অস্থিরতা থাকলেও সপ্তাহের তৃতীয় দিন মাঝ বেলায় এসে ঊর্ধ্বমুখী সূচক নিয়ে লেনদেন চলছে ঢাকার পুঁজিবাজারে। মঙ্গলবার বেলা ১১টায় লেনদেন শুরুর পর ৩ ঘণ্টার মাথায় দুপুর ২টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৪২ পয়েন্ট বেড়ে হয়েছে ৫ হাজার ৫১৫ পয়েন্ট। লেনদেনের শুরুতে প্রথম দুই ঘণ্টা ব্যাপক ওঠানামর মধ্যে দিয়ে এগোয় ডিএসই সূচক। সাড়ে ১১টায় সূচক নেমে যায় ৫ হাজার ৪৩৭ পয়েন্টে। এরপর কিছুটা উন্নতি হলেও ১২টায় তা আবার কমে ৫ হাজার ৪৫৯ পয়েন্ট হয়। এরপর সূচক আবার বাড়তে শুরু করে। দুপুর ১টায় ডিএসই সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৮২ পয়েন্ট বেড়ে হয় ৫ হাজার ৫৫৬ পয়েন্ট। দুপুর ২টা ১ মিনিট পর্যন্ত লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৬৩টির, কমেছ ৬৬টির। অপরিবর্তিত ছিল ৯টির দর। লেনদেন হয়েছে ২৪১ কোটি টাকার শেয়ার। টানা দরপতনের কারণে বিনিয়োগকারীরা আন্দোলন শুরু করলে গত সপ্তাহের শুরুতে সরকারের উচ্চ পর্যায়ে দফায় দফায় বৈঠক চলে। নানা প্রণোদনার ঘোষণাও আসতে শুরু করে। কিন্তু তারপরও বাজার চাঙ্গা না হওয়ায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের আহ্বানে এ সপ্তাহ থেকে পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দেন ব্যাংক নির্বাহীরা। পাশাপাশি পুঁজিবাজারকে স্থিতিশীল করতে ৫ হাজার কোটি টাকার একটি তহবিল গঠনেরও সিদ্ধান্ত জানায় বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বিএবি। রোববার দুপুরে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। বৃহস্পতিবার এবিবির পক্ষ থেকে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দেওয়ার পর ওইদিনই ডিএসই সাধারণ সূচক বাড়ে ২৮৬ পয়েন্ট। এরপর রোববার বাড়ে আরো ১০৯ পয়েন্ট। কিন্তু সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক আবার পড়ে যায়। ১৮০ পয়েন্ট কমে হয় ৫ হাজার ৪৭৩ পয়েন্ট। এরপর দুই স্টক এক্সচেঞ্জের নেতারা অভিযোগ করেন, প্রতিশ্র"তি দিলেও ব্যাংকগুলো সোমবার পুঁজিবাজারে বিনিয়োগ করেনি। ডিএসই পরিচালক আহমেদ রশীদ লালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) পক্ষ থেকে যে আশ্বাস দেওয়া হয়েছে তার প্রতিফলন দেখতে চাই আমরা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১৪১৫ ঘ.