রিয়াজুল বাশার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি সপ্তাহ থেকে পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে ব্যাংকগুলো যে আশ্বাস দিয়েছে, তার প্রতিফলন দেখতে চান দেশের দু' স্টক এক্সচেঞ্জের নেতারা।
এদিকে বর্তমান অবস্থা থেকেই পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেছেন মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি।
ব্যাংক বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দেওয়ার পর দুদিন পুঁজিবাজার চাঙা থাকলেও সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক ১৮০ পয়েন্ট কমে হয়েছে ৫ হাজার ৪৭৩ পয়েন্ট। আর সিএসই বাছাই সূচক (সিএসসিএক্স) ২৭৮ পয়েন্ট কমে হয়েছে ৯ হাজার ৯২৩ পয়েন্ট।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্যাংকগুলো বিনিয়োগে থাকলে সোমবার বাজার এত পড়তো না।"
দিনের শুরুতে ডিএসইতে সূচকের ওঠানামা দিয়ে প্রায় আধা ঘণ্টা লেনদেন চলে। এরপর সূচকের টানা পতন হয়।
ফখর উদ্দিন বলেন, "ব্যাংকগুলোর বিনিয়োগ যদি অ্যাকটিভ থাকবে, তাহলে তো কোথাও না কোথাও সাপোর্ট পাওয়ার কথা। কিন্তু বাজার তো কোনো সাপোর্টই পেলো না, একটানা পতন হলো।"
এদিকে ডিএসই পরিচালক আহমেদ রশীদ লালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) পক্ষ থেকে যে আশ্বাস দেওয়া হয়েছে তার প্রতিফলন দেখতে চাই আমরা।"
লালী দাবি করেন, "বুধবার ও বৃহস্পতিবার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শেয়ার কেনার বিষয়ে সক্রিয় থাকলেও রোববার ও সোমবার তাদের সে সক্রিয়তা দেখা যায়নি।"
টানা দরপতনের কারণে বিনিয়োগকারীরা আন্দোলন শুরু করলে গত সপ্তাহের শুরুতে সরকারের উচ্চ পর্যায়ে দফায় দফায় বৈঠক চলে। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে বাজারে বিনিয়োগ বাড়াতে বলে।
কোনো ব্যাংক তার মোট দায়ের ১০ শতাংশ পর্যন্ত পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারে। কিন্তু গত সেপ্টেম্বর পর্যন্তব্যাংকগুলোর গড় বিনিয়োগ ছিল মোট দায়ের প্রায় ৩ শতাংশ।
এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এক জরুরি বৈঠক শেষে এবিবি সভাপতি কে মাহমুদ সাত্তার সাংবাদিকদের বলেন, পুঁজিবাজারে আইনি সীমার নিচে যেসব ব্যাংকের বিনিয়োগ রয়েছে, তারা আগামী সপ্তাহ থেকে বিনিয়োগ বাড়াতে শুরু করবে।
ওই ঘোষণা দেওয়ার পর বৃহস্পতিবারই ডিএসই সাধারণ সূচক বাড়ে ২৮৬ পয়েন্ট। এরপর রোববার ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) চেয়ারম্যান জানান, ব্যাংকগুলো ইতোমধ্যে পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে শুরু করেছে।
এছাড়া পুঁজিবাজারে তারল্য বাড়াতে ব্যাংক, ইন্সুরেন্স ও অন্যান্য তালিকাভুক্ত কোম্পানিগুলোর অংশগ্রহণে ৫ হাজার কোটি টাকারও বেশি আকারের একটি মিউচুয়াল ফান্ড গঠনের ঘোষণা দেন মজুমদার।
এরমধ্যে রোববার ডিএসই সাধারণ সূচক বাড়ে ১০৯ পয়েন্ট।
কিন্তু সোমবার এসে ১৮০ পয়েন্ট কমে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে। বাজারের তারল্য সঙ্কট কমাতে ব্যাংকগুলো বিনিয়োগ করছে কি না তা নিয়েও প্রশ্ন তোলেন তারা।
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিনিয়োগ বাড়ানোর বিষয়ে ব্যাংকগুলো খুবই পজিটিভ। এ সংক্রান্ত সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। দু' একদিনের মধ্যেই তার প্রতিফলন দেখতে পাবেন।"
"আমরা আশা করছি, এখান থেকেই পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ," বলেন তিনি।
সোমবার লেনদেন হয়েছে ৪১৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ১৯৬ কোটি টাকা কম।
রোববার লেনদেন বেড়েছিল কেন জানতে চাওয়া হলে ফখর উদ্দিন বলেন, "যারা টাকা নিয়ে বসে ছিলো, ব্যাংকের আশ্বাস পাওয়ায় তাদের অনেকেই রোববার শেয়ার কিনে ফেলে। তাই ওইদিন লেনদেন বেড়ে যায়।"
তিনি আরো বলেন, "ব্যাংকগুলো মিউচুয়াল ফান্ড গঠন করে বিনিয়োগ করতেই পারে। কিন্তু তাদের ১০ শতাংশ পর্যন্ত যে বিনিয়োগ সীমা রয়েছে, পোর্টফোলিওর মাধ্যমে ওই বিনিয়োগ করতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/২০১০ ঘ.
bdnews24