ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ বাড়ানোর খবরে সপ্তাহের শেষ দিন ঢাকা স্টক এ´চেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ২৮৬ পয়েন্ট বেড়ে হয় ৫ হাজার ৫৪৪ পয়েন্ট। অনেক শেয়ারই দাম বৃদ্ধির শীর্ষে পৌঁছে বিক্রেতাশূণ্য হয়ে পড়ে।
ওই সময় পর্যন্ত লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২৪১টির, কমেছে ৯টির। অপরিবর্তিত ছিল ২টির দাম। লেনদেন হয় ৪০২ কোটি টাকার শেয়ার।
টানা দরপতনের কারণে বিনিয়োগকারীরা আন্দোলন শুরু করলে সপ্তাহের শুরুতে সরকারের উচ্চ পর্যায়ে দফায় দফায় বৈঠক চলে। নানা প্রণোদনার ঘোষণাও আসতে শুরু করে।
কিন্তু তারপরও বাজার চাঙ্গা না হওয়ায় সোমবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) সহ সভাপতির সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তিনি পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ বাড়াতে এবিবিকে উদ্যোগ নিতে বলেন।
ব্যাংকগুলো কীভাবে পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে পারে- সেই পথের নির্দেশনা দিয়ে বুধবার একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করে। তাতে মার্জিন ঋণের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের শর্ত শিথিল করারও আশ্বাস দেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে এবিবির এক জরুরি বৈঠকের পর সংগঠনের সভাপতি ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে মাহমুদ সাত্তার জানান, আগামী সপ্তাহ থেকেই ব্যাংকগুলো পুঁজিবাজারে নতুন করে বিনিয়োগ শুরু করবে।
তিনি সাংবাদিকদের বলেন, "বৈঠকে আমরা একমত হয়েছি যে, পুঁজিবাজারে বিনিয়োগ করার জন্য এটা খুবই ভালো সময়।"
বৃহস্পতিবার সকালে ৯টার দিকে রাজধানীর হোটেল লেকশোরে এই বৈঠক শুরু হয়ে পৌনে ১১টা পর্যন্ত চলে। দৃশ্যত সকাল ১১টায় দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর আগেই সিদ্ধান্ত ঘোষণার জন্য সকালে এই বৈঠকে বসেন ব্যাংক নির্বাহীরা।
বেলা ১১টায় লেনদেন শুরুর পর ১৫ মিনিটের মধ্যে ডিএসইর সূচকের ঘরে ১০০ পয়েন্টের বেশি যোগ হয়। ৩৫ মিনিটের মাথায় তা পৌঁছায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ১৮৩ পয়েন্ট বেড়ে হয় ৫ হাজার ৪১৩ পয়েন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১৫১৫ ঘ.
bdnews24