২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কমিটিতে সেনা সদস্য থাকলে দোষের কী'

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মনে করেন, পুঁজিবাজারের উপদেষ্টা কমিটিতে সেনা সদস্য থাকলে 'দোষের' কিছু নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2011, 10:19 AM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মনে করেন, পুঁজিবাজারের উপদেষ্টা কমিটিতে সেনা সদস্য থাকলে 'দোষের' কিছু নেই। বুধবার অর্থ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "তাদেরও ( সেনা সদস্যদের) অনেক বিনিয়োগ আছে। তাই তাদের পরামর্শ নেওয়া দোষের কিছু নয়।" টানা দরপতনের প্রতিবাদে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা গত রোববার অনশন শুরু করলে সোমবার এই উপদেষ্টা কমিটি করার কথা জানানো হয় সরকারের পক্ষ থেকে। অর্থমন্ত্রী ছাড়াও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দীন, এসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী, অ্যাডভোকেট আনিসুল হক এবং মেজর জেনারেল পর্যায়ের একজন সেনা কর্মকর্তা এ কমিটিতে সদস্য হিসেবে থাকছেন বলে জানানো হয়। কমিটিতে সেনা কর্মকর্তা রাখা হয়েছে কেন- এ প্রশ্নের জবাবে বিরক্তি প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, "রাখলে দোষের কী?" এসইসির চেয়ারম্যান সোমবার সাংবাদিকদের জানান, অর্থমন্ত্রীকেই এ কমিটির প্রধান করা হয়েছে। কিন্তু মঙ্গলবার এ বিষয়ে মুহিত বলেন, তিনি নন, কমিটির সদস্যদের মধ্য থেকেই একজনকে চেয়ারম্যান করা হবে। "এই কমিটির সদস্যদের কাছ থেকে আমি আগেও ইনফরমাল পরামর্শ নিতাম। এখন ফরমাল পরামর্শ নেব," যোগ করেন তিনি। মেজর জেনারেল পর্যায়ের কোন কর্মকর্তা কমিটির সদস্য হচ্ছেন, বুধবার পর্যন্ত তা জানায়নি সরকার। দেশের অর্থনৈতিক পরিস্থিতি যথেষ্ট ভালো দাবি করে বুধবার সংবাদ সম্মেলনে মুহিত বলেন, "সংবাদ মাধ্যম ও সুশীল সমাজ অযথা সমালোচনা করছে।" অর্থনৈতিক পরিস্থিতি ভালো হলে পুঁজিবাজারে টানা দরপতন হচ্ছে কেন- জানতে চাইলে তিনি বলেন, "শেয়ারবাজার নিয়ে আমি কোনো মন্তব্য করবো না।" অবশ্য বাজার পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে মঙ্গলবার অর্থমন্ত্রী বলেন, বাজার কীভাবে ঠিক হবে তা তার জানা নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরবি/জেকে/১৬০৮ ঘ.