ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, তিনি পুঁজিবাজারের স্থিতিশীলতা ফেরাতে গঠিত উপদেষ্টা কমিটির প্রধান নন; বরং তাকে পরামর্শ দিতেই এ কমিটি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, "এটা আমার অ্যাডভাইজরি কমিটি। এতে ভুলবশত আমাকে চেয়ারম্যান বলা হয়েছে। এটা আনফরচুনেট। আই এম নট চেয়ারম্যান। কমিটিতে আমি থাকলেও চেয়ারম্যান না।"
টানা দরপতনের প্রতিবাদে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা গত রোববার অনশন শুরু করলে সোমবার আয়কর রেয়াতের মতো প্রণোদনা ঘোষণাসহ একটি উপদেষ্টা কমিটি করার কথা জানানো হয় সরকারের পক্ষ থেকে।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন এক সংবাদ সম্মেলনে জানান, এই উপদেষ্টা কমিটির প্রধান হিসেবে থাকবেন অর্থমন্ত্রী। এছাড়া সদস্য হিসেবে থাকছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দীন, এসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী ও অ্যাডভোকেট আনিসুল হক এবং মেজর জেনারেল পর্যায়ের একজন সেনা কর্মকর্তা।
এ বিষয়ে মুহিত বলেন, "কমিটির সদস্যদের মধ্য থেকে একজনকে চেয়ারম্যান করা হবে। এই কমিটির সদস্যদের কাছ থেকে আমি আগেও ইনফরমাল পরামর্শ নিতাম। এখন ফরমাল পরামর্শ নেব।"
গত দু সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ৩৪১ দশমিক ৮৪ পয়েন্ট কমার পর রোববারও ব্যাপক দরপতন হয়। এই পরিস্থিতিতে পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে আয়কর রেয়াত, মিউচুয়াল ফান্ডের ওপর আরোপিত কর মওকুফ এবং ব্রোকারেজ কমিশনের ওপর উৎসে আয়কর কমানোর আদেশে জারি করে এনবিআর।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর সোমবার অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের সহ-সভাপতির সঙ্গে বৈঠক করে পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এনআইএইচ/আরবি/জেকে/১৪৫১ ঘ.
bdnews24