২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রণোদনার পরও ওঠেনি বাজার

পুঁজিবাজার স্থিতিশীল করতে সরকার ও নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন উদ্যোগের পরও পুঁজিবাজারে দরপতন অব্যাহত রয়েছে। সপ্তাহের তৃতীয় দিনে ঢাকার পুঁজিবাজারে অধিকাংশ শেয়ারের দর কমার পাশাপাশি লেনদেন হয়েছে নয় মাসের মধ্যে সবচে কম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2011, 06:01 AM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার স্থিতিশীল করতে সরকার ও নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন উদ্যোগের পরও পুঁজিবাজারে দরপতন অব্যাহত রয়েছে। সপ্তাহের তৃতীয় দিনে ঢাকার পুঁজিবাজারে অধিকাংশ শেয়ারের দর কমার পাশাপাশি লেনদেন হয়েছে নয় মাসের মধ্যে সবচে কম। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ১১৬ দশমিক ৪৭ পয়েন্ট কমে হয়েছে ৫ হাজার ৩০৭ দশমিক ৪৩ পয়েন্ট। লেনদেন হয়েছে মাত্র ২০৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার। এর চেয়ে কম লেনদেন হয়েছিল গত ২৫ জানুয়ারি। ওইদিন লেনদেনের পরিমাণ ছিল ২০৬ কোটি ৪১ লাখ টাকা। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাছাই সূচক ১৬৪ দশমিক ৯৬ পয়েন্ট এদিন কমে হয়েছে ৯ হাজার ৫৬৬ দশমিক ১৯ পয়েন্ট। এ বাজারে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার। এর চেয়ে কম লেনদেন হয়েছিল ২০ জানুয়ারি। তবে ওইদিন মাত্র ৬ মিনিট লেনদেন হওয়ার পর সূচকের সার্কিট ব্রেকার অতিক্রম করে লেনদেন বন্ধ হয়ে যায়। মঙ্গলবার লেনদেনের শুরুতে সুচক উঠলেও সেই প্রবণতা ১০ মিনিটের বেশি সময় স্থায়ী হয়নি। ১১টা ১০ মিনিটে সাধারণ সূচক প্রায় ৩৮ পয়েন্ট বেড়ে হয় ৫ হাজার ৪৬২ দশমিক ১৬ পয়েন্ট। এরপর ১১টা ২৫ মিনিটে তা কমে হয় ৫ হাজার ৪১৫ দশমিক ৭২ পয়েন্ট। এরপর আবার কিছুটা উঠে ১২টা ৩৫ মিনিট থেকে সূচক একটানা পড়তে শুরু করে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৮টির, কমেছে ২৩৪টির এবং অপরিবর্তিত ছিল ৬টির দাম। গত দু সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ৩৪১ দশমিক ৮৪ পয়েন্ট কমার পর চলতি সপ্তাহের প্রথম দিন রোববার বেলা ১১টায় ডিএসইর সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা। সোমবার সকালে ডিএসই সামনে থেকে তাদের তুলে দেয় পুলিশ। অনশনের মধ্যে রোববারও ডিএসইতে ব্যাপক দরপতন হয়। সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১৮১ দশমিক ৩১ পয়েন্ট কমে হয় ৫ হাজার ৩৮৭ পয়েন্ট। বিনিয়োগকারীদের আন্দোলন ও সরকারের নানামুখী উদ্যোগের পর সোমবার ডিএসইর সাধারণ সূচক ৩৬ দশমিক ৮৭ পয়েন্ট বাড়লেও লেনদেন কমে প্রায় নয় মাস আগের অবস্থানে চলে যায়। এই পরিস্থিতিতে সোমবার তিনটি প্রণোদনামূলক পদক্ষেপের বিষয়ে আদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে আয়কর রেয়াত, মিউচুয়াল ফান্ডের ওপর আরোপিত কর মওকুফ এবং ব্রোকারেজ কমিশনের ওপর উৎসে আয়কর কমানোর কথা বলা হয় ওই আদেশে। এছাড়া সরকারের পক্ষ থেকে ৫ সদস্যের একটি উপেদেষ্টা কমিটি করার ঘোষণা দেওয়া হয়। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের সহ-সভাপতির সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১৫৪৮ ঘ.