চট্টগ্রাম, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় অনশনরত বিনিয়োগকারীদের ডিএসই কার্যালয়ের সামনে থেকে তুলে দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ করেছে চিটাগাং ইনভেস্টরস ফোরাম।
এই সংগঠনের ব্যনারে বিনিয়োগকারীরা সোমবার দুপুর ২টার দিকে নগরীর আগ্রাবাদে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সামনে সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা ঢাকার বিনিয়োগকারীদের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ দাবি করেন। একইসঙ্গে যে পুলিশ সদস্যরা বিনিয়োগকারীদের কর্মসূচিতে 'হামলা' চালিয়েছে, তাদের বিচার দাবি করেন তারা।
ফোরামের যুগ্ম আহবায়ক এম এ কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুঁজিবাজারের বর্তমান সমস্যা নিয়ে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, এসইসিসহ বিভিন্ন সংস্থা দফায় দফায় বৈঠক করে নানা সিদ্ধান্ত নিলেও বাজারের সঙ্কট কাটছে না। বরং বিনিয়োগকারীরা সর্বশান্ত হচ্ছেন।"
দুই সপ্তাহ ধরে টানা দরপতনের পর রোববার বেলা ১১টায় আমরণ অনশনের ঘোষণা দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে অবস্থান নেয় বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। বিকেলে কয়েকজন রাজনীতিবিদ অনশনস্থলে উপস্থিত হয়ে বিনিয়োগকারীদের পাশে থাকার ঘোষণা দেন।
বিষয়টি সমাধানের জন্য নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কর্মকর্তারা রাতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে বৈঠক করেন। অন্যদিকে মতিঝিলে রাতভর বিক্ষোভ চলে বিনিয়োগকারীদের।
এরপর সোমবার সকালে মতিঝিল থানা পুলিশ ডিএসইর সামনে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সরিয়ে দেয়।
এম এ কাদের বলেন, "ঢাকায় যারা বিনিয়োগকারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে, আমরা তাদের শাস্তির দাবি জানাচ্ছি।"
সমাবেশে অন্যদের মধ্যে ইনভেস্টরস ফোরাম চিটাগাংয়ের আহবায়ক আছলাম মোরশেদ, যুগ্ম আহবায়ক সরোজ চৌধুরী সুলভ, আকবর খান বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১৮২৪ ঘ.
bdnews24