ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে দরপতনের জন্য বাজার সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থায় দায়িত্বপ্রাপ্তদেরই দায়ী করলেন সরকারদলীয় সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
পুঁজিবাজারে অস্থিরতা নিয়ে আন্দোলনের মধ্যেই সোমবার এক সভায় তিনি বলেন, "শেয়ারবাজারে দরপতনের কারসাজিতে যারা জড়িত, তাদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছে।"
তিনি একে 'শুটকির হাটে বিড়ালকে দায়িত্ব দেওয়া'র সঙ্গে তুলনা করেন।
পুঁজিবাজার নিয়ে অব্যাহত বিক্ষোভের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি উপদেষ্টা কমিটি দুপুরেই গঠন করেছে সরকার।
তবে সুরঞ্জিতের এ বক্তব্য আসে ওই ঘোষণার আগেই। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদ আয়োজিত 'খালেদা-আমিনীর সরকার পতনের হুমকি ও আমাদের করণীয়' শীর্ষক আলোচনায় সুরঞ্জিত বিরোধী দলের সমালোচনা করেও বক্তব্য রাখেন।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি প্রত্যাখ্যান করে আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত বলেন, "তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে সরকারের কিছু করার নেই। সংসদ আর সরকার এক নয়। সংসদই একমাত্র সব সমস্যার সমাধান করতে পারে।"
"যদি সমস্যার সমাধান চান রোডমার্চ না করে সংসদ অভিমুখে মার্চ করুন, নির্বাচন কমিশন অভিমুখে মার্চ করুন," বিরোধী দলের উদ্দেশে বলেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে জনমত গঠনে খালেদা জিয়ার রোড মার্চের সমালোচনা করে সুরঞ্জিত বলেন, "আপনারা রোড মার্চ করে যুদ্ধাপরাধীদের বিচার বিলম্বিত করতে চান। কিন্তু তা বন্ধ করা যাবে না। বরং রোড মার্চ যত বেশি হবে যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক সমর্থন তত বাড়বে।"
"সিলেটের রোড মার্চের পর আমেরিকা যুদ্ধাপরাধের বিচারের প্রতি সমর্থন জানিয়েছে। আরো দুইটা রোড মার্চ করেন ইউরোপও যুদ্ধাপরাধের বিচার চাইবে," বলেন তিনি।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও প্রচার সম্পাদক আবদুল হক সবুজ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/১৫২০ ঘ.
bdnews24