২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজার: অর্থমন্ত্রীর নেতৃত্বে উপদেষ্টা কমিটি

বিনিয়োগকারীদের অনশন এবং রাতভর বিক্ষোভের পর সোমবার দুপুরে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন এই কমিটি গঠনের কথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 07:50 AM

Updated : 24 Aug 2022, 04:34 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি উপদেষ্টা কমিটি করেছে সরকার। ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীদের অনশন এবং রাতভর বিক্ষোভের প্রেক্ষিতে রোববার রাতে সরকারের উচ্চ পর্যায়ে কয়েক দফা আলোচনার পর সোমবার দুপুরে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন এই কমিটি গঠনের কথা জানান। এসইসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "এই উপদেষ্টা কমিটির প্রধান হিসেবে থাকবেন অর্থমন্ত্রী। এছাড়া সদস্য হিসেবে থাকছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মো. ফরাশউদ্দীন, এসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী ও অ্যাডভোকেট আনিসুল হক।" এছাড়াও মেজর জেনারেল পর্যায়ের একজন সেনা কর্মকর্তা এই কমিটির সদস্য হবেন। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তা এতে সদস্য সচিব হিসেবে থাকবেন বলে এম খায়রুল হোসেন জানান। তিনি বলেন, পুঁজিবাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই কমিটির সদস্যরা প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা দেবেন। এর আগে সকালে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে আয়কর রেয়াত, মিউচুয়াল ফান্ডের ওপর আরোপিত কর মওকুফ এবং ব্রোকারেজ কমিশনের উৎসে আয়কর কমানোর বিষয়ে আদেশ জারি করে। রোববার আমরণ অনশন শুরু করা ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরাও এনবিআরের এসব সিদ্ধান্ত প্রজ্ঞাপন আকারে জারি করার দাবি জানিয়ে আসছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসএফ/এসআইটি/আরবি/জেকে/০১৩০ ঘ.