ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাতভর ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীদের অনশন-বিক্ষোভের পর পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে আয়কর রেয়াত, মিউচুয়াল ফান্ডের ওপর আরোপিত কর মওকুফ এবং ব্রোকারেজ কমিশনের উৎসে আয়কর কমানোর বিষয়ে আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু'নেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার সকালে এ বিষয়ে এসআরও জারি করা হয়েছে।"
টানা দরপতনের প্রেক্ষিতে বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে গত বুধবার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে এক জরুরি বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত নেন এনবিআর কর্মকর্তরা।
ওই বৈঠকের পর এক জরুরি সংবাদ সম্মেলনে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এম খায়রুল হোসেন বলেন, "আয়ের যে অংশ পুঁজিবাজারের বিনিয়োগ করা হতো সে অংশটির ওপর আগে কর রেয়াত দেওয়া হতো। কিন্তু চলতি বাজেটে এ কর রেয়াত সুবিধা তুলে দেওয়া হয়। শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে পুনরায় কর রেয়াত দেওয়া হবে।"
এনবিআরের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, ডিবেঞ্চার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে আয়করের ওপর ১০ শতাংশ হারে রেয়াত পাওয়া যাবে। এই সিদ্ধান্ত কার্যকর হবে গত ১ জুলাই থেকে।
মিউচুয়াল ফান্ড ইস্যুকারীর আয়ের ওপর আরোপ করা করও মওকুফ করার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে। এই সিদ্ধান্তও কার্যকর হবে গত ১ জুলাই থেকে।
এছাড়া স্টক এক্সচেঞ্জের সদস্য ব্রোকার হাউজগুলোর কমিশনের ওপর উৎসে আয়কর কাটার হার দশমিক ১০ শতাংশ থেকে কমিয়ে দশমিক ০৫ শতাংশ ধার্য করেছে এনবিআর।
চলতি বছর বাজেটে এই হার হার দশমিক ০৫ শতাংশ থেকে বাড়িয়ে দশমিক ১০ শতাংশ করা হয়।
দুই সপ্তাহ ধরে টানা দরপতনের পর রোববার বেলা ১১টায় লেনদেন শুরুর সঙ্গে সঙ্গে আমরণ অনশনের ঘোষণা দিয়ে ডিএসইর সামনে অবস্থান নেয় ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা। তারা পুঁজিবাজার স্থিতিশীল করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এবং এনবিআরের নেওয়া সিদ্ধান্ত প্রজ্ঞাপন আকারে জারি করার দাবি জানান।
সোমবার সকালে পুলিশ তাদের সরিয়ে দিয়ে ডিএসই ভবনের সামনে অবস্থান নেয়। এর পরপরই প্রজ্ঞাপন জারি করে এনবিআর।
অবশ্য এরপরও অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিনিয়োগকারীরা।
দুপুরে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহাদাত উল্লাহ ফিরোজ বলেন, "আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে থেকে তুলে দিয়েছে পুলিশ। আজ আমরা এখানেই (প্রেসক্লাব) অনশন করব। প্রধানমন্ত্রী কোনো সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এরআরএইচ/এসএসজেড/আরবি/জেকে/১৬১৭ ঘ.
bdnews24