ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার পরিস্থিতি স্থিতিশীল করতে বিনিয়োগকারীদের আন্দোলন এবং সরকারের নানা উদ্যোগের মধ্যে সোমবার গত নয় মাসের সবচেয়ে কম লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) হাতবদল হয় ২২৭ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। সর্বশেষ এর চেয়ে কম লেনদেন হয়েছিল গত ২৫ জানুয়ারি। মোট ২০৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল সেদিন।
সোমবার লেনদেন কমলেও পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে আয়কর রেয়াতসহ কর কমানোর বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রজ্ঞাপন জারির পর ডিএসই সাধারণ সূচক আগের দিনের চেয়ে বেড়েছে। ৩৬ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে সূচক পৌঁছেছে ৫ হাজার ৪২৩ দশমিক ৯১ পয়েন্ট।
এদিন লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৭৮টির, কমেছে ৭১টির। অপরিবর্তিত ছিল ১০টির দাম।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাছাই সূচক (সিএসসিএক্স) ৯২ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে হয়েছে ৯ হাজার ৭৮২ দশমিক ১৩ পয়েন্ট। এ বাজারে ১১৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩৬টির। অপরিবর্তিত ছিল ১৪টির দাম।
সিএসইতে লেনদেন হয়েছে ৪১ কোটি ৪৮ লাখ টাকার। চট্টগ্রামে এর আগে সবচে কম লেনদেন হয়েছিল গত ৫ অক্টোবর। সেদিন লেনদেনের পরিমাণ ছিল ৪১ কোটি ২৪ লাখ টাকা।
পুঁজিবাজার স্থিতিশীল করার দাবিতে ডিএসই সামনে রাতভর বিক্ষোভ চলার পর সকালে অনশনরত বিনিয়োগকারীদের ডিএসই ভবনের সামনে থেকে তুলে দেয় পুলিশ। এরপর সাধারণ নিয়মে ১১টায় শুরু হয় দিনের লেনদেন।
এর পরপরই এনবিআর পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে আয়কর রেয়াত, মিউচুয়াল ফান্ডের ওপর আরোপিত কর মওকুফ এবং ব্রোকারেজ হাউজের কমিশনের ওপর উৎসে আয়কর কমানোর বিষয়ে আদেশ জারি করে।
রোববার আমরণ অনশন শুরু করা ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরাও এনবিআরের এসব সিদ্ধান্ত প্রজ্ঞাপন আকারে জারি করার দাবি জানিয়ে আসছিল।
এছাড়া পুঁজিবাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি উপদেষ্টা কমিটি করারও ঘোষণা দিয়েছে সরকার।
অবশ্য এরপরও অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিনিয়োগকারীরা।
দুপুরে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহাদাত উল্লাহ ফিরোজ বলেন, "আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে থেকে তুলে দিয়েছে পুলিশ। আজ আমরা এখানেই (প্রেসক্লাব) অনশন করব। প্রধানমন্ত্রী কোনো সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১৫৫৩ ঘ.
bdnews24