ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১১ (জুন) সমাপনী বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশবন্ধু পলিমার লিমিটেড।
রোববার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ লভ্যাংশ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান কোম্পানিটির সচিব লিয়াকত আলী খান।
লভ্যাংশের রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ অক্টোবর এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর।
লিয়াকত আলী খান বলেন, "জুন ২০১১ পর্যন্ত বার্ষিক হিসাব বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৪ টাকা ৮৫ পয়সা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৫২ পয়সা।"
২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশবন্ধু পলিমারের পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা এবং মোট শেয়ার সংখ্যা ৪ কোটি।
শেয়ারের মধ্যে ৬০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে এবং ৪০ শতাংশ রয়েছে পাবলিকের কাছে। রোববার কোম্পানিটির শেয়ারের দাম ৪ দশমিক ৯৯ শতাংশ কমে সর্বশেষ লেনদেন হয়েছে ৫৫ টাকা ২০ পয়সায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/১৯৪৩ ঘ.
bdnews24