ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের প্রাথমিক গণপ্রস্তাবের আবেদন রোববার থেকে গ্রহণ শুরু হচ্ছে।
১০ টাকা অভিহিত েেমূল্যর এই ফান্ডে ২০ অক্টোবর পর্যন্ত নির্দিষ্ট ব্যাংকগুলোতে আবেদনের টাকা জমা দিতে পারবেন। তবে অনাবাসী বাংলাদেশিদের আবেদনের শেষ তারিখ ২৯ অক্টোবর।
ফান্ডের প্রসপেক্টাসে এ তথ্য জানা গেছে।
আইপিও মাধ্যমে ২৫০ কোটি টাকা সংগ্রহ করা হবে। উদ্যোক্তারা ইতোমধ্যেই ২০০ কোটি টাকার জোগান দিয়েছেন। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৫০ কোটি টাকা সংগ্রহ করা হবে।
আইপিও ২৫০ কোটি টাকার মধ্যে ২৫ কোটি অনাবাসী বাংলাদেশি ও ২৫ কোটি মিউচুয়াল ফান্ডগুলোর জন্যে বরাদ্দ থাকছে।
ফান্ডটির উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও আইসিবি ইউনিট ফান্ড। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসাবে রয়েছে রেইস ম্যানেজমেন্ট পিসিএল।
১৭ অগাস্ট সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করে। ঢাকা ও চট্টগ্রাম, দুই স্টক এক্সচেঞ্জেই ফান্ডটি তালিকাভুক্তি হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/২১০৫ ঘ.
bdnews24