২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতনের পর সূচক বাড়ল

পুজিবাজারে লেনদেনের শুরুতে 'ব্যাপক' দরপতন দেখা দিলেও দিন শেষ হয়েছে সূচকের বৃদ্ধি দিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 09:38 AM

Updated : 24 Aug 2022, 04:31 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুজিবাজারে লেনদেনের শুরুতে 'ব্যাপক' দরপতন দেখা দিলেও দিন শেষ হয়েছে সূচকের বৃদ্ধি দিয়ে। বুধবার লেনদেন শুরুর পর ২৫ মিনিটে সাধারণ সূচক ১৫৪ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ১৩৯ পয়েন্টে। এরপরই বিনিয়োগকারীদের বিক্ষোভ শুরু হয়। এরপর সূচক আবার ওপরের দিকে উঠতে থাকে। বেলা ১২টা ২৫ মিনিটে সূচক গতদিনের অবস্থানকে ছাড়িয়ে যায়। এরপর সূচকের ওঠানামা চলে। লেনদেন শেষে সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৬৬ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৫৯ দশমিক ৬২ পয়েন্টে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২১৮টির, কমেছে ২৮টির এবং বদলায়নি ৭টির। লেনদেন হয়েছে ৩১৩ কোটি ৭৬ লাখ টাকার। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাছাই সূচক (সিএসসিএক্স) ৬৬ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৬২২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো লি., তিতাস গ্যাস লি., বেক্সিমকো ফার্মা, গ্রামীণ ফোন, সামিট পাওয়ার, এমআই সিমেন্ট, ওয়ান ব্যাংক লি., ইউসিবিএল ও কেয়া কসমেটিকস। দর বাড়ার শীর্ষে ১০টি কোম্পানি হলো, প্রাইম লাইফ ইন্সুরেন্স, প্রিমিয়ার লিজিং, ইস্টার্ন হাউজিং লি., শাহজালাল ব্যাংক লি., এশিয়া ইন্সুরেন্স, মেঘনা লাইফ ইন্সুরেন্স, গ্রামীণ স্কিম ২, সোশ্যাল ইসলামী ব্যাংক লি., ইস্টার্ন কেবলস্ ও গ্রিন ডেল্টা লাইফ ইন্সুরেন্স। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০ টি কোম্পানি হলো, ফিডেলিটি এ্যাসেট, জুট স্পিনার্স, হাক্কানী পাল্প, ফার্মা এইডস, দেশ গার্মেন্টস্, পূরবী জেনারেল, আইএসএন লি., ইস্টার্ন ব্যাংক লি. এনআরবি মিউচুয়াল ফান্ড, রূপালী লাইফ ইন্সুরেন্স ও সাভার রিফ্রেক্টরিজ। গত সপ্তাহের দরপতনের ধারাবাহিতকতায় মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক ২২৫ দশমিক ৫৩ পয়েন্ট বা ৪ শতাংশ কমে। রোববার দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই সাধারণ সূচক কমে ১৯৪ দশমিক ৪০ পয়েন্ট এবং সোমবার কমে ১৪ দশমিক ৫৪ পয়েন্টে। গত সপ্তাহে ডিএসইর সাধারণ সূচক ১৮২ দশমিক ৪০ পয়েন্ট বা ৩ দশমিক ০৯ শতাংশ কমেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফকে/আরবি/এসইউ/১৬৩১ ঘ.