ঢাকা, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেয়ার জন্যে এসইসির সহায়তা চেয়েছেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।
বুধবার দুপুরে সংগঠনটির নেতারা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) চেয়ারম্যানের সাথে দেখা করে এই দাবি জানান।
সাংগঠনিক সম্পাদক শাহাদতউল্লাহ ফিরোজ সাংবাদিকদের জানান, সব হারিয়ে নিঃস্ব হওয়া ঠেকাতে আমরা আন্দোলন করেছি। পুলিশ মিছিল থেকে আমাদের ধরে নিয়ে গেছে। আমাদের বিরুদ্ধে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগের মামলা দিয়েছে। এই মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেয়ার জন্যে আমরা এসইসি চেয়ারম্যানের কাছে অনুরোধ জানিয়েছি।
এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্যে চেয়ারম্যান ম. খায়রুল হোসেন তাদের আশ্বাস দিয়েছেন বলে তিনি জানান।
পুঁজিবাজারে অব্যাহত দরপতনের প্রেক্ষিতে আন্দোলন শুরু করে বিনিয়োগকারীরা। এরই একপর্যায়ে গাড়ি ভাংচুরের অভিযোগে ৭ জন বিনিয়োগকারীকে গ্রেপ্তার করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসআইটি/এসইউ/১৫৪৬ ঘ.
bdnews24