২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেল্টা লাইফের লেনদেন শুরু ৯ অক্টোবর

জেড ক্যাটাগরির প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্সুরেন্সের লেনদেন ৯ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2011, 09:19 AM

Updated : 24 Aug 2022, 04:28 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেড ক্যাটাগরির প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্সুরেন্সের লেনদেন ৯ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। চলতি বছরের উচ্চ আদালতের আদেশের পরে ২৯ মে ডেল্টা লাইফের পরিচালনা পর্ষদ ২০০৪ সালের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠানের তারিখ ও রেকর্ড তারিখ ঘোষণা করে। কিন্তু ২০ জুন তারিখে দেয়া এক ঘোষণায় ডেল্টা লাইফ জানায়, আদালতের আদেশের সার্টিফাইড কপি পাবার পরে এজিএম অনুষ্ঠানের পরামর্শ দিয়েছেন আইনজীবীরা। এর কারণে তারা এজিএম আয়োজনের সিদ্ধান্তটি স্থগিত করেন। কিন্তু পুরো বিষয়টি নিয়মমাফিক না হওয়ায় এ বছরের ২০ জুন থেকে প্রতিষ্ঠানটির লেনদেন স্থগিত করে ডিএসই। ডিএসই ওয়েবসাইটে দেয়া তথ্যে প্রতিষ্ঠানটি জানিয়েছে, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, ৯ অক্টোবর থেকে প্রতিষ্ঠানটির লেনদেন পুনরায় শুরু হবে। ২০০৪ সালের স্থগিত থাকা বার্ষিক সাধারণ সভা ১৭ নভেম্বর হবে। রেকর্ড ডেট ২৩ অক্টোবর। এ কারণে ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে। একই তারিখে প্রতিষ্ঠানটি অভিহিত মূল্য পরিবর্তনের জন্যে প্রয়োজনীয় সংশোধনী আনতে অতিরিক্ত সাধারণ সভাটিও অনুষ্ঠিত হবে। এজন্যেও রেকর্ড ডেট ২৩ অক্টোবর। ২০০৪ সালের ১৮ জুলাই প্রতিষ্ঠানটির সর্বশেষ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ২০০৪ সালের সমাপ্ত বছরের জন্যে ডেল্টা লাইফ পরিচালনা পর্ষদ ৩০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছিল। আদালতে মামলা চলার কারণে এরপর থেকে এ পর্যন্ত আর কোনো সাধারণ সভা বা লভ্যাংশ ঘোষণা করেনি। ডেল্টা লাইফ ১৯৯৫ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর মোট অনুমোদিত মূলধন ৫ কোটি টাকা, পরিশোধিত মূলধন ৩ কোটি টাকা। বাজারে মোট শেয়ার রয়েছে তিন লাখ। এর অর্ধেক উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে। ১০০ টাকার প্রতিটি শেয়ারের সর্বশেষ লেনদেন হয়েছে ৩৯ হাজার ৭৭৩ টাকা ৫০ পয়সায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসইউ ১৫০৭ ঘ.