ঢাকা, অক্টোবর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী অভিহিত মূল্য (ফেস ভ্যালু) পরিবর্তনের ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত সিটি ব্যাংক, অ্যাপেক্স ফুডস, অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লি., জুট স্পিনার ও অলটেক্স ইন্ডাস্ট্রিজ লি.।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে কোম্পানিগুলো জানিয়েছে, এসইসির নির্দেশনা অনুযায়ী তাদের শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকার বদলে ১০ টাকা করা হবে। এ বিষয়ে অনুমোদনের জন্য অতিরিক্ত সাধারণ সভা (ইজিএম) ডেকেছে কোম্পানিগুলো।
সিটি ব্যাংকের মার্কেট লট ৫টির বদলে ২০০টির হবে। সিটি ব্যাংকের ইজিএম ১৭ নভেম্বর, গুলশান-১ -এর ইমানুয়েলস ব্যাংকোয়েট হলে অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ ২০ অক্টোবর।
অ্যাপেক্স ফুডসের মার্কেট লট ৫টির বদলে ৪০০টির হবে। ১৩ নভেম্বর সকাল সাড়ে ৮টায় পুরাতন বিমানবন্দর সড়কের ট্রাস্ট মিলনায়তনে ইজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ ১৭ অক্টোবর।
অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলসের মার্কেট লট ২০টির বদলে ৪০০টির হবে। ১৩ নভেম্বর সকাল ৯টায় পুরাতন বিমানবন্দর সড়কের ট্রাস্ট মিলনায়তনে ইজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ ১৭ অক্টোবর।
জুট স্পিনারের মার্কেট লট ৫টির পরিবর্তে ৫০টির করা হবে। জুট স্পিনারের ইজিএম ১২ নভেম্বর। ধানমণ্ডিতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ ১৩ অক্টোবর।
অলটেক্সের মার্কেট লট ৫০টির বদলে ৫০০টির করা হবে। অলটেক্সের ইজিএম ১৬ নভেম্বর। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারখানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ ২৫ অক্টোবর।
১ ডিসেম্বরের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের অভিহিত মূল্য ১০ টাকা করার জন্য ১৫ সেপ্টেম্বর আদেশ জারি করে এসইসি।
এসইসির আদেশ অনুযায়ী, যেসব কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের অভিহিত মূল্য ১০ টাকা নয়, তাদের জন্য আগামী ১ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। আর ৪ ডিসেম্বর থেকে ১০ টাকা অভিহিত মূল্যে সব কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৮০৮ ঘ.
bdnews24