২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ অক্টোবর থেকে বাংলাদেশ ফান্ডের ইউনিট বিক্রি

পুঁজিবাজারে বিনিয়োগের জন্য গঠিত বাংলাদেশ ফান্ডের পাবলিক ইউনিট বিক্রির বিষয়ে দেশে-বিদেশে 'প্রচুর' সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2011, 04:06 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) Ñ পুঁজিবাজারে বিনিয়োগের জন্য গঠিত বাংলাদেশ ফান্ডের পাবলিক ইউনিট বিক্রির বিষয়ে দেশে-বিদেশে 'প্রচুর' সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান। সাড়ে তিন হাজার কোটি টাকার পাবলিক ইউনিট আগামী ১০ অক্টোবর বিক্রি শুরু হতে পারে বলে জানিয়েছেন তিনি। বাজারের দরপতনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ৬ মার্চ পাঁচ হাজার কোটি টাকার মেয়াদহীন 'বাংলাদেশ ফান্ড' গঠনের ঘোষণা দেয় আইসিবি। এর উদ্যোক্তা ৮টি প্রতিষ্ঠান মিলে দেড় হাজার কোটি টাকার যোগান দিয়েছে। বাকি টাকা বাজার থেকে সংগ্রহ করা হবে। ফায়েকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শনিবার বলেন, "আমি বিদেশি গিয়েছিলাম। সেখানে প্রবাসীদের সঙ্গে কথা বলেছি। এছাড়া দেশেও বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির সঙ্গে কথা হয়েছে। বাংলাদেশ ফান্ড কেনার বিষয়ে প্রচুর সাড়া পাওয়া গেছে।" এর আগে গত ১৯ সেপ্টেম্বর তিনি সাংবাদিকদের বলেছিলেন, "২ অক্টোবর থেকেই আমরা বাংলাদেশ ফান্ডের পাবলিক অংশটি বিক্রি শুরু করতে পারব বলে আশা করছি।" পাবলিক অংশ বিক্রি পিছিয়ে পিছিয়ে গেল কেনÑজানতে চাওয়া হলে ফায়েকুজ্জামান বলেন, "পাবলিক ইউনিট বিক্রির বিষয়টি আমরা ব্যাপকভাবে উদ্বোধন করার চিন্তাভাবনা করছি। এ কারণেই একটু পিছিয়ে গেছে।" তিনি বলেন, "সাড়ে তিন হাজার কোটি টাকার প্রায় পুরোটাই পুঁজিবাজারে বিনিয়োগ করা হবে।" ফান্ডের প্রতিটি ইউনিটের ১ হাজার টাকা। একশটির প্রতিটি লট কিনতে লাগবে এক লাখ টাকা। দুই স্টক এক্সচেঞ্জের ব্রোকারেজ হাউজগুলোতে এ শেয়ার কেনাবেচা করা যাবে। উদ্যোক্তা আটটি প্রতিষ্ঠানের মধ্যে আইসিবি ছাড়াও রয়েছে, রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক (সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা), জীবন বীমা করপোরেশন, সাধারণ বীমা করপোরেশন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। ফায়েকুজ্জামান বলেন, "উদ্যোক্তারা প্রায় পুরো টাকাটাই দিয়েছে। এগুলো আমরা বাজারের অবস্থা দেখে বিনিয়োগ করছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ ২০৪৫ ঘ.