২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ট্রাকের ধাক্কায় চুরমার অটোরিকশা, নিহত ২

পরিবারের সদস্যদের নিয়ে দাওয়াতে যাচ্ছিলেন জেসমিন

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2022, 06:46 PM

Updated : 22 Jul 2022, 06:46 PM

ফেনীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশার দুই আরোহী নিহত ও চারজন আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে ফেনী-নোয়াখালী মহাসড়কে সদর উপজেলার তেমুহনী কাজী বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মহিপাল হাইওয়ে পুলিশ পরিদর্শক মো. আবদুস সামাদ।

নিহতরা হলেন অটোরিকশার চালক মোহাম্মদ শাকিল (১৮) ও যাত্রী জেসমিন আক্তার (৪৫)।

শাকিল ফেনীর দাগনভূঞা উপজেলার আমুভূঞার হাট ওমরাবাদ গজারিয়া গ্রামের মোহাম্মদ সবুজের ছেলে ও জেসমিন একই উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের সালামত উল্লাহ প্রেসিডেন্ট বাড়ির জাহাঙ্গীর আলমের স্ত্রী।

আহতরা হলেন জেসমিনের দুই মেয়ে জান্নাতুল আফনান (৩০) ও জান্নাতুল ফেরদৌস (১৮), দাগনভূঞার সেবারহাটের তরিকুল ইসলাম (২৫) ও নোয়াখালীর বসুরহাট কোম্পানীগঞ্জের রাজীব চন্দ্র (৩০)।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে একটি দাওয়াতে যেতে জেসমিন তার দুই মেয়ে ও এক নাতিকে নিয়ে অটোরিকশায় করে ফেনী শহরে আসছিলেন। অটোরিকশার চালকের দুই পাশে আরও দুই যাত্রী নিয়েছিলেন।

পরিদর্শক আবদুস সামাদ জানান, অটোরিকশাটি ফেনী-নোয়াখালী মহাসড়কের ফেনী সদরের তেমুহনী কাজী বাড়ি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

“এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে চালক শাকিল ও যাত্রী জেসমিন আক্তার নিহত হন।”

অহতদের ঢাকা মেডিকেল ও ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয় বলে তিনি জানান।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোহরাব তানভীর জানান, আহত চারজনের মধ্যে দুই নারীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুইজন ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিদর্শক আবদুস সামাদ আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে আটক করলেও চালক ও সহকারী পলাতক রয়েছে। ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।