কিশোরগঞ্জে হাওরে গোসলে নেমে প্রাণ গেল যুবকের
তিন বন্ধু মোটরসাইকেলে ঢাকা থেকে নিকলী হাওরে বেড়াতে এসেছিলেন
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় হাওরে গোসল করতে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় অপর দুইজনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার সকাল ৯টার দিকে নিকলী হাওরের কুর্শা এলাকায় এ ঘটনা ঘটে বলে নিকলী ফায়ার সার্ভিসের প্রধান শফিকুল ইসলাম জানান।
নিহত আকাশ (২৬) মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ রাজদী এলাকার মো. রেজাউল করিমের ছেলে। তিনি রাজধানীর বাড্ডা এলাকায় থেকে পড়াশোনা করতেন।
জীবিত উদ্ধার দুইজন হলেন পটুয়াখালী জেলার হাসিব (২৬) এবং কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার তুহিন (২৫)।
শফিকুল ইসলাম জানান, তিন বন্ধু একসঙ্গে ঢাকা থেকে মোটরসাইকেলযোগে হাওরে বেড়াতে এসেছিলেন।
নিকলী থানার ওসি মো. মনসুর আলী আরিফ জানান, জীবিত দুইজনকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের অভিভাবক এলে লাশ ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
