‘বাবা-মার স্বপ্ন পূরণে’ হেলিকপ্টারে চড়ে প্রবাসীর বিয়ে
রুকন উদ্দিন প্রায় ১৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন।
‘বাবা-মার স্বপ্ন পূরণে’ হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বর। বিয়ে শেষে স্ত্রীকে নিয়ে হেলিকপ্টারে করেই বাড়ি গেলেন।
শনিবার বিকাল ৩টায় হবিগঞ্জ শহরের জে কে অ্যান্ড এইচ কে হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে অবতরণ করে হেলিকপ্টার।
পরে সেখান থেকে ঘোড়ার গাড়িতে চড়ে শহরের মহব্বত কনভেনশন হলে গিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
যুক্তরাষ্ট্র প্রবাসী রুকন উদ্দিন সদর উপজেলার সানাবই গ্রামের মো. জালাল উদ্দিন তালুকদারের ছেলে।
ওই মাঠে অবতরণ করার সময় শত শত উৎসুক জনতা সেখানে ভিড় জমায় হেলিকপ্টারটি দেখার জন্য।
এ সময় উৎসুক জনতাকে সমালাতে বেগ পেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এ ছাড়াও অবতরণের পর অনেককেই হেলিকপ্টারের সঙ্গে সেলফি তুলতেও দেখা গেছে।
স্বজনরা জানান, রুকন উদ্দিন প্রায় ১৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন। দেড় মাস আগে তিনি দেশে আসে। রুকন উদ্দিনের পরিবারের আরও কয়েকজন সদস্য যুক্তরাষ্ট্রে বসবাস করেন।
সম্প্রতি দেশে আসার পর পারিবারিক ভাবে বিয়ে ঠিক হয় একই উপজেলার রিচি গ্রামের বাসিন্দা ও শহরের কোর্ট স্টেশন রোড এলাকায় বসবাসরত হাজি আজিজুল হকের মেয়ে রুবাইয়া হক প্রমির সঙ্গে। প্রমি হবিগঞ্জ শহরের বৃন্দাবন সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।
রুকনের খালু নাছির উদ্দিন বলেন, “ইসলামি রীতিনীতি অনুযায়ী তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।”
রুকনের বাবা জালাল উদ্দিন তালুকদার বলেন, “আমার এবং আমার স্ত্রী স্বপ্ন ছিল বড় ছেলে রুকনকে হেলিকপ্টারে করে বিয়ে করাব। আজ হেলিকপ্টারে করে তার বিয়ে আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। আমার এবং আমার স্ত্রী স্বপ্ন পূরণ হয়েছে; এতে আমরা খুশি।”
