২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ইফতার খাওয়ার পর ৩ মৃত্যু, মহাসড়ক অবরোধ

কালিয়াকৈরের ইউএনও জানান, চন্দ্রায় ওয়ালটন কারখানায় ইফতার খাওয়ার কিছুক্ষণ পর কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।

গাজীপুরে ইফতার খাওয়ার পর ৩ মৃত্যু, মহাসড়ক অবরোধ

তিন শ্রমিকের মৃত্যুর খবরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2023, 11:44 PM

Updated : 17 Apr 2023, 12:01 AM

গাজীপুরের কালিয়াকৈরে ইফতার খাওয়ার পর অসুস্থ হয়ে ওয়ালটন কারখানার তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অন্য শ্রমিকরা।

রোববার রাত ১০টায় এ খবর জানান কালিয়াকৈর ইউএনও তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

তবে তাৎক্ষণিকভাবে মৃত শ্রমিকদের নাম-পরিচয় জানা যায়নি। ওয়ালটন কারখানার এক কর্মকর্তা বলেছেন, হিট স্ট্রোকে ওই শ্রমিকদের মৃত্যু হতে পারে।

ইউএনও জানান, রোববার কালিয়াকৈর থানাধীন চন্দ্রায় ওয়ালটন কারখানায় ইফতার খাওয়ার কিছুক্ষণ পর কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজি বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে তিন শ্রমিক মারা গেছেন।

“তবে তারা খাদ্যের বিষক্রিয়ায় মারা গেছেন কিনা তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়।”

কারখানার ডেপুটি অপারেটিভ ডাইরেক্টর মো. সুজন মিয়া সাংবাদিকদের বলেন, “আমরা যতদূর জেনেছি, তারা ইফতার খেয়ে নয়, হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।”

এদিকে, তিন শ্রমিকের মৃত্যুর খবরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কারখানাটির শ্রমিকরা। এতে বাড়ৈপাড়া থেকে কালিয়াকৈর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে।

রাস্তা অবরোধ সরাতে পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানান গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ছানোয়ার হোসেন।