২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ‘২২ লাখ টাকা’ ও প্রাইভেটকারসহ চালক লাপাত্তা

চলতি বছরের জানুয়ারিতে প্রিমো ব্র্যান্ডের প্রাইভেটকারটি কেনার পর শফিউলকে চালক নিয়োগ করেন বলে গাড়ির মালিক জানান।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2022, 08:07 PM

Updated : 31 Oct 2022, 08:07 PM

গোপালগঞ্জে ‘২২ লাখ টাকা’ ও প্রাইভেটকারসহ চালক পালিয়ে গেছেন বলে এক ব্যবসায়ী অভিযোগ করেছেন।

সোমবার সকাল ১০টার দিকে জেলা শহরের সাবরেজিস্ট্রি অফিসের সামনে থেকে গাড়ি নিয়ে ওই চালক চলে যান বলে অভিযোগে বলা হয়।

শফিউল নামের এই চালকের বাড়ি চট্টগ্রাম। তবে তিনি শ্বশুরবাড়ি নোয়াখালীতে থাকেন।

অভিযোগে ব্যবসায়ী গাজী বোরহান উদ্দিন বলেন, তিনি ঢাকার নবাবপুরে ইলেকট্রিক সামগ্রীর ব্যবসা করেন। একটি জমির দলিলের জন্য রোববার ব্র্যাক ব্যাংকের নবাবপুর শাখা থেকে ২২ লাখ টাকা উত্তোলন করেন। ওইদিনই নিজের প্রাইভেটকার নিয়ে গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার পার কুশলি আসেন।

অভিযোগে বলা হয়, সোমবার সকাল ১০টার দিকে তিনি জমি দলিল করার উদ্দেশ্যে ২২ লাখ টাকা নিয়ে প্রাইভেটকারযোগে গোপালগঞ্জ সাবরেজিস্ট্রি অফিসের সামনে আসেন। টাকা গাড়িতে রেখে তিনি অফিসের প্রবেশ করেন। কিছুক্ষণ পর টাকার প্রয়োজন হলে তিনি ড্রাইভার শফিউলকে ফোন দেন। ফোনে সাড়া না পেয়ে তিনি বাইরে এসে ড্রাইভারকে আর পাননি।

এরপর তিনি গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন বলে জানান।

ওই ব্যবসায়ী আরও জানান, গত জানুয়ারি মাসে ৪৩ লাখ টাকায় তিনি প্রিমো ব্র্যান্ডের প্রাইভেটকারটি কেনার পর শফিউলকে চালক নিয়োগ করেন।

গোপালগঞ্জ সদর থানার এসআই বিশ্বজিত ঘোষ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন। ঘটনার বিষয়ে একটি জিডি হয়েছে। ওই ড্রাইভারের অবস্থান জানতে ও গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।