নেত্রকোণায় ইজিবাইক চাপায় পথচারী নিহত
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বাজারের রাস্তার পাশ ধরে হাঁটছিলেন ওই ব্যক্তি।
নেত্রকোণার কেন্দুয়ায় ইজিবাইক চাপায় এক পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের মাসকা বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে কেন্দুয়া থানার ওসি আলী হোসেন জানান।
৫৫ বছর বয়সি নিহত মোসলেম উদ্দিন উপজেলার মাসকা গ্রামের চানফর আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আলী হোসেন জানান, মাসকা এলাকায় ওই সড়কের দুই পাশ ঘিরে বাজার। বাজারের রাস্তার পাশ ধরে হাঁটছিলেন মোসলেম। এ সময় পেছন থেকে একটি ইজিবাইক ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ইজিবাইকটি জব্দ করা হয়েছে।
