২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

গাইবান্ধায় বাড়ি-স্কুলের সামনে ও সড়কের পাশে ৩ হাতবোমা বিস্ফোরণ

পরপর বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘর থেকে বেরিয়ে আসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Sep 2026, 04:24 PM

Updated : 20 Sep 2026, 04:38 PM

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বাড়ি ও স্কুলের সামনে এবং সড়কের পাশে পরপর তিনটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এতে বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রোববার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলা সদরের গোপালচরণ এলাকায় চার থেকে পাঁচ মিনিটের মধ্যে এসব বিস্ফোরণ ঘটে বলে জানান সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ।

পুলিশ জানায়, প্রথম বিস্ফোরণটি ঘটে সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবু সোলাইমান সরকার সাজার বাড়ির সামনে। এর দুই মিনিট পর গোপালচরণ উচ্চ বিদ্যালয়ের সামনে এবং পরে বিদ্যালয়ের দক্ষিণ পাশের সড়কে তৃতীয় বিস্ফোরণটি ঘটে।

পরপর বিকট শব্দে আশপাশের লোকজন ঘর থেকে বেরিয়ে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

আবু সোলাইমান সরকার সাজা বলেন, “ফজরের নামাজের আগে প্রথমে আমার বাড়ির সামনে বিকট শব্দ হয়। এর কিছুক্ষণ পর স্কুলের সামনে ও দক্ষিণ পাশের রাস্তায় আরও দুটি শব্দ শুনি। এতে আমরা আতঙ্কিত হয়ে পড়ি।”

তিনি বলেন, “শব্দ শুনে ঘর থেকে বের হয়ে আশপাশের লোকজনকেও বাইরে দেখতে পাই। পরে পুলিশ এসে ককটেলের খোসাগুলো নিয়ে যায়।”

ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।