বৃষ্টি হলেই ভেসে যায় শাবি ক্যাম্পাস
জলাবদ্ধতার জন্য পানি নিষ্কাশনের অপর্যাপ্ত ব্যবস্থা ও অপরিকল্পিত ভবন নির্মাণকে দায়ী করছেন পরিবেশবিদরা।
পানি নিষ্কাশন ব্যবস্থার অপর্যাপ্ততায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিন দিন বাড়ছে জলাবদ্ধতার সমস্যা।
সামান্য বৃষ্টি হলেই সড়কগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থীদের শিক্ষাভবনে ও হলে যাতায়াত করতে হচ্ছে জামা-কাপড় ভিজিয়ে। শিক্ষাভবন ও আবাসিক হলে দেখা দিচ্ছে বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব।
এ পরিস্থিতির জন্য পানি নিষ্কাশন ব্যবস্থার অপর্যাপ্ততা, অপরিকল্পিত ভবন নির্মাণ, জলাশয় ভরাট এবং ছরা ও খাল নিয়মিত পরিষ্কার না করাকে দায়ী করেছেন নগর পরিকল্পনাবিদ ও পরিবেশবিদরা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, সমস্যাগুলো ‘পর্যবেক্ষণ করে’ তারা ব্যবস্থা নেবেন।
আবার সিলেট নগরজুড়ে জলাবদ্ধতার সমস্যা থাকায় এর প্রভাব বিশ্ববিদ্যালয় এলাকাতেও পড়ছে বলে মনে করছেন কেউ কেউ।
বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটের আহ্বায়ক ও মাভৈ আবৃত্তি সংসদের সভাপতি শাহরিয়া আফরিন প্রকৃতি বলেন, “বুধবার সকালে ২ থেকে ৩ ঘণ্টা বৃষ্টিতে ক্যাম্পাসে বন্যার মত পানি হয়েছে। আমরা ধারণা করতে পারি নাই যে, এবারও ক্যাম্পাসে পানি হতে পারে।”
গত বছরের অভিজ্ঞতা থেকে এবার প্রশাসনের আগাম ব্যবস্থা নেওয়া দরকার ছিল বলে মনে করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাইমুর রহমান বলেন, শিক্ষাভবন ‘ডি’ এর বাড়তি অংশ, বেগম সিরাজুন্নেছা হল সংলগ্ন বেগম ফলিলাতুন্নেছা মুজিব হল এবং সেন্টার অব এক্সিলেন্সি ভবন জলাশয় ও খোলা জায়গা ভরাট করে নির্মাণ করা হয়েছে।
“এতে যেখানে সেখানে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে; দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে এ অবস্থা আরও খারাপের দিকে যাবে।”
আবাসিক হলের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ছোট ছোট যে খাল বা ছরাগুলো আছে সেগুলো অপরিষ্কার, আগাছায় ভরা। ময়লা ফেলা হচ্ছে খালে। আর দীর্ঘদিন ধরে সেগুলো পরিষ্কার করা হচ্ছে না।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সহসভাপতি অধ্যাপক চন্দ্রাণী নাগ বলেন, জলাবদ্ধতার সমস্যা শুধু ক্যাম্পাসে নয়, পুরো সিলেটেই বাড়ছে।
বিশ্ববিদ্যালয়ের নগর ও পরিবেশ প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. আজিজুল হক বলেন, সময় সময়ে মাত্রাতিরিক্ত বৃষ্টি জলাবদ্ধতার বড় কারণ। যদি বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকে, তাহলে জলাবদ্ধতা হবেই।
“দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে, আমার নিষ্কাশনের ব্যবস্থা আছে, আমি সেগুলো ব্যবস্থাও করছি সুন্দরভাবে। কিন্তু এই পানি নিষ্কাশনের শেষ গন্তব্যটা কোথায়? গন্তব্যটি কোনো ছরা বা নদীর দিকে মিলছে কি না।”
তিনি বলেন, দেশের সব পানি দক্ষিণের সমুদ্র গিয়ে মেশে। সিলেট অঞ্চল হচ্ছে উত্তরে।
“উত্তর থেকে দক্ষিণে হচ্ছে আমাদের এলাকার পানির ঢাল। যে কোনো ভাবে হোক পানিকে দক্ষিণ দিকেই পাঠাতে হবে। সেই দিকে পানি নিষ্কাশন যদি বাধাগ্রস্ত হয়, তাহলে সিলেটে তার প্রভাব পড়ে।”
ক্যাম্পাসে যে পরিমাণ বৃষ্টিপাত হয় সেই পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা নেই মন্তব্য করে এই শিক্ষক বলেন, “ক্যাম্পাসে যে কয়টা ছরা, নালা, কিংবা খাল আছে, সেগুলোর গভীরতা কমে যাচ্ছে। পরিষ্কার করে গভীরতা বাড়ানো হয় না নিয়মিত। এতে সেসব জায়গা দিয়ে পানি চলাচল করতে পারছে না। জলাবদ্ধতা তৈরি হচ্ছে।”
এখনি উদ্যোগ না নিলে সামনে দীর্ঘমেয়াদি সমস্যা তৈরি হতে পারে বলে সতর্ক করেন আজিজুল।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদক্ষেপ সম্পর্কে জানতে প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ধরেননি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান সাংবাদিকদের বলেন, “বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো উন্নয়ন কাজ হচ্ছে। এরমধ্যে মাটি ভরাটের ফলে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে আমরা চাইলে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নিতে পারব না; তবে সমস্যাগুলো পর্যবেক্ষণ করে ব্যবস্থা নিতে হবে।”
সমস্যার জন্য অপরিকল্পিত উন্নয়নকে দায়ী করে তিনি বলেন, “একটা প্রজেক্ট নেওয়ার আগে ড্রেনেজ ও যোগাযোগ ব্যবস্থাসহ সবকিছু বিবেচনায় নিয়ে কাজ করতে হয়। সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন:
