২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিত্রাংয়ের বর্ষণে খানাখন্দে পানি, গাজীপুরে মহাসড়কে যানজট

গাজীপুরের বোর্ডবাজার থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত ঢাকাগামী লেনে প্রায় ৮ কিলোমিটার এলাকায় যানজট হয়।

সিত্রাংয়ের বর্ষণে খানাখন্দে পানি, গাজীপুরে মহাসড়কে যানজট

গাজীপুরের বোর্ডবাজার থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত ঢাকাগামী লেনে প্রায় ৮ কিলোমিটার এলাকায় যানজট হয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2022, 10:08 PM

Updated : 25 Oct 2022, 10:08 PM

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দুইদিনের টানা বর্ষণে খানাখন্দে পানি জমে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। 

সোমবার সারাদিনের বৃষ্টিতে বিআরটি প্রকল্পের নির্মাণাধীন সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ তৈরি হয়। এতে সড়কের ৮ কিলোমিটার এলাকায় ধীরগতিতে যানবাহন চলতে গিয়ে মাঝেমধ্যেই লম্বা লাইন তৈরি হচ্ছে। 

সোমবার রাতে ও মঙ্গলবার সকালে খানাখন্দে জমে থাকা পানিতে বিভিন্ন গাড়ি ফেঁসে গয়ে যানবাহন আটকে ব্যাপক যানজট হয়। 

গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) অশোক কুমার পাল জানান, সোমবার ঘূর্ণিঝড় সিত্রাংয়ের জন্য টানা বৃষ্টির পানি এ মহাসড়কের খানাখন্দকে জমে যায়। এতে এ পথে থেমে থেমে যানজট হচ্ছিল। 

“বিশেষ করে টঙ্গীর মিলগেট এলাকায় বিআরটি প্রকল্পের চলমান কাজের জন্য মহাসড়কে সৃষ্ট খানাখন্দে বৃষ্টির পানি জমে যাওয়ায় সেখান দিয়ে এক লেনে গাড়ি চলতে গিয়ে যানবাহন চলাচল বিঘ্নিত হয়।” 

এছাড়া ওই এলাকায় সোমবার রাত ও মঙ্গলবার সকালে কয়েকটি গাড়ি ফেঁসে যায়; ওইসব গাড়ি সরাতে গিয়ে যানবাহনের লম্বা লাইন সৃষ্টি হয় বলে তিনি জানান। 

মঙ্গলবার সকাল থেকে যানজট তীব্র হয় উল্লেখ করে তিনি বলেন, দুপুর ১টা পর্যন্ত গাজীপুরের বোর্ডবাজার থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত ঢাকাগামী লেনে প্রায় ৮ কিলোমিটার এলাকায় যানজটের হয়েছে। দুপুরের পর ময়মনসিংহগামী লেনে থাকা খানাখন্দ মেরামত করা হলে ওই পথে গাড়ি চলাচল অনেকটাই স্বাভাবিক হয়। 

তবে ঢাকাগামী লেনে মেরামত কাজ সম্পন্ন না হওয়ায় বিকালেও যানবাহনগুলো রেশনিং পদ্ধতিতে চলতে গিয়ে লম্বা লাইন সৃষ্টি হচ্ছিল বলে জানান তিনি। 

ঢাকা-কক্সবাজার রুটে চলাচলকারী এনা পরিবহনের চালক আবু তাহের বলেন, “দুইদিনের টানা বৃষ্টির জন্য বিআরটি প্রকল্পের চলমান কাজের ফলে মহাসড়কের স্থানে স্থানে সৃষ্ট খানাখন্দে পানি জমে যায়। এতে  মাঝেমধ্যে গাড়িও ফেঁসে যাচ্ছে। ফলে মিলগেট এলাকায় আমাদের দীর্ঘ যানজটের মুখে পড়তে হচ্ছে। এতে আধা ঘণ্টার পথ অতিক্রম করতে দুই আড়াই ঘণ্টা লেগে যাচ্ছে।”

গাজীপুরের ইটাহাটা এলাকার আব্দুল কাদির মিয়া বলেন, “সোমবার রাতে ঢাকা থেকে বাসায় ফেরার পথে পথে যানজটে পড়তে হয়েছে। নিজস্ব গড়ি দিয়ে ১ ঘণ্টার পথ পাড়ি দিতে আমার সাড়ে তিন ঘণ্টা লেগেছে। রাত ১০টায় রওনা দিয়ে রাত দেড়টার দিকে বাসায় ফিরেছি।” 

গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) মো. আলমগীর হোসেন সাংবাদিকদের বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিআরটি প্রকল্পের কাজ চলছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে বৃষ্টিতে মহাসড়কের বিভিন্ন অংশে সামান্য খানাখন্দ তৈরি হয়; এতে যানবাহন চলাচল ধীরগতি হয়; ফলে যানজট হচ্ছে। 

যানজট নিরসনে বিআরটি প্রকল্পের লোকজন জরুরিভিত্তিতে রাস্তা মেরামত করছেন এবং ট্রাফিক পুলিশের সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান। 

তিনি আরও বলেন, সড়ক নির্মাণকারী প্রতিষ্ঠানের উদ্যোগে সকাল থেকেই বিভিন্ন খানাখন্দ ইট-সুরকি দিয়ে ভরাট করে যানবাহন চলার উপযোগী করা হচ্ছে। দুপুর থেকে ময়মনসিংহ লেনে গাড়ি চলা শুরু হয়েছে। এ লেনে যানজট পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। ঢাকাগামী লেনেও মেরামত কাজ দ্রুত চলছে।