২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে গেল দুই প্রাণ

হানিফ মৃধা শ্রীপুরের মাওনা থেকে আম কিনে অটোরিকশায় করে বরমী বাজারে নিজ দোকানে ফিরছিলেন।

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে গেল দুই প্রাণ

ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2022, 11:30 PM

Updated : 27 Jul 2022, 11:30 PM

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

বুধবার বরমীর কায়েতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান।

নিহতরা হলেন বরমী ইউনিয়নের নবী মৃধার ছেলে ও ফল ব্যবসায়ী মো. হানিফ মৃধা (৫০) এবং কাপাসিয়া উপজেলার উজলী গ্রামের আবুল কালাম আজাদ (৩৫)।

মাহফুজ ইমতিয়াজ জানান, সকালে হানিফ মৃধা শ্রীপুরের মাওনা থেকে আম কিনে অটোরিকশায় করে বরমী বাজারে তার দোকানে ফিরছিলেন। অটোরিকশাটি কায়েতপাড়া এলে বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ডাম্প ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হানিফ মারা যান।

এ ঘটনায় আবুল কালাম আজাদ ও অপর একজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালামের মৃত্যু হয়।

তবে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

শ্রীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, স্থানীয়রা ডাম্প ট্রাকটিকে আটক করে পুলিশে দিয়েছে। চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।