২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল ব‍্যাহত

রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়; সে সময় মাঝ নদীতে চারটি ফেরি আটকা পড়ে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2024, 11:36 AM

Updated : 21 Jan 2024, 11:36 AM

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব‍্যাহত হয়েছে।

দফায় দফায় ফেরি চলাচল বন্ধ থাকার পর রোববার সকাল সোয়া ১০টায় ফেরি চালু হয় বলে জানান বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব‍্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ।

এর আগে দুর্ঘটনা এড়াতে শনিবার গভীর রাত দেড়টা থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সে সময় মাঝ নদীতে চারটি ফেরি আটকা পড়ে।

ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়ে প্রচণ্ড শীতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।

বিআইডব্লিউটিসির উপ-মহাব‍্যবস্থাপক বলেন, রাত দেড়টার দিকে কুয়াশার কারণে নদীপথ অস্পষ্ট হয়ে যায়। সে সময় মাঝ নদীতে পথ হারিয়ে খানজাহান আলী, কেরামত আলী, শাহ পরাণ, করবী- এই চারটি ফেরি আটকে যায়। এরপর থেকেই এই নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

শাহ মো. খালেদ নেওয়াজ আরও বলেন, ভোর পৌনে ৬টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। সে সময় মাঝ নদীতে আটকে থাকা ফেরিগুলোও ঘাটে চলে আসে।

এরপর সকাল সাড়ে ৭টায় আবারও ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সোয়া ১০টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।