২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর, আসামি ‘ছাত্রদল নেতারা’

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব সামসুদ্দীন চৌধুরী এই মামলা করেন।

রাজশাহীতে বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর, আসামি ‘ছাত্রদল নেতারা’

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী নগরীর মালোপাড়ায় বিএনপির মহানগর কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2022, 11:26 PM

Updated : 31 Dec 2022, 11:26 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব সামসুদ্দীন চৌধুরীর ওপর হামলা ও বিএনপি কার্যালয়ের আসবাব ভাঙচুরের অভিযোগে মামলা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে সামসুদ্দীন বাদী হয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানায় এ মামলা করেন বলে ওসি মাজহারুল ইসলাম জানান।  

মামলার আসামিরা হলেন- হাসিবুল হাসান হাসিব (২৫), মো. আহসান হাবীব (২৭), মেহেদী হাসান (২৮), আবদুল লতিফ সম্রাট (২৬), মো. নাইম (২৬), তুষার শেখ (২৭), শফিকুল ইসলাম ওরফে শফিক (২৮) ও তাকবীর আহমেদ ওরফে ইমন (২৪)।

এ ছাড়া মামলায় অজ্ঞাত পরিচয় আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। আসামিদের অধিকাংশ ছাত্রদলের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির বহিষ্কৃত সদস্য।

মামলার এজাহারে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী নগরীর মালোপাড়ায় বিএনপি কার্যালয়ে ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা চলছিল। এ সময় পূর্বশত্রুতার জেরে আসামিরা সামসুদ্দীনের ওপর হামলা চালায়।

হামলাকারীদের এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে সামসুদ্দীন পিঠে ও মাথায় গুরুতর আঘাত পায়। একপর্যায়ে হামলাকারীরা কার্যালয়ের ভেতরের চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাব ভেঙে ফেলে। এ ঘটনার পর তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

ছাত্রদলনেতা সামসুদ্দীন চৌধুরী বলেন, “সংগঠনের দুষ্কৃতকারীরাই আমার ওপর হামলা চালিয়েছে। একসময় হামলাকারীরা আহ্বায়ক কমিটিতে ছিল। ওদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকায় কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে। এ কারণে তারা (বহিষ্কৃতরা) আমার ওপর ক্ষিপ্ত।”

বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, “বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও হামলার ঘটনায় রাতে মামলা হয়েছে। এ বিষয়ে তদন্তসাপেক্ষে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে।”