২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে গুলিতে রোহিঙ্গা নেতা খুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে তিনি নিহত হন বলে পুলিশ জানায়।

কক্সবাজারে গুলিতে রোহিঙ্গা নেতা খুন

ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2023, 12:40 AM

Updated : 18 Jun 2023, 01:07 AM

কক্সবাজারে উখিয়া আশ্রয় শিবিরে ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে নিজের বসত ঘরের সামনে প্রতিপক্ষের গুলিতে এক রোহিঙ্গা উপ কমিউনিটি নেতা (সাব মাঝি) নিহত হয়েছেন।

উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ৯টায় উপজেলার কুতুপালং ২ ইস্ট নম্বর রোহিঙ্গা শিবিরের ৯ ডি ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত নুর হোসেন ওরফে ভুট্টো (৪২) ওই ক্যাম্পের আব্দু শুক্কুরের ছেলে। তিনি ওই আশ্রয় শিবিরের ৯ ডি ব্লকের সাব মাঝি ছিলেন।

স্থানীয়দের বরাতে পুলিশ কর্মকর্তা সাইফুল জানান, শনিবার রাতে ওই রোহিঙ্গা শিবিরে নিজের বসত ঘরের সামনে স্থানীয়দের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এক পর্যায়ে ১০/১২ জন মুখোশধারী দূর্বৃত্ত তাকে লক্ষ্য করে উপর্যুপরি কয়েকটি গুলি ছুঁড়ে।

পরে গুলিবিদ্ধ ভূট্টোকে কুতুপালং এলাকায় এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।

পরিদর্শক সাইফুল বলেন, “ প্রাথমিকভাবে রোহিঙ্গা শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তারপরও ঘটনার কারণ নিশ্চিত হওয়ার পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। “

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।