কক্সবাজারে ‘গুলি ও ছুরিকাঘাতে’ রোহিঙ্গা শিবিরের সাব-মাঝি খুন
আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।
কক্সবাজারের উখিয়ায় গুলি ও ছুরিকাঘাতে রোহিঙ্গা আশ্রয় শিবিরের একটি ব্লকের সাব-মাঝি খুন হয়েছেন।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, শনিবার বিকালে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী ১৩ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ই-২ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত রওশন আলী (৫৬) ওই শিবিরের প্রয়াত জালাল আহমদের ছেলে। এ ছাড়া তিনি ওই ব্লকের সাব-মাঝি (সহকারী কমিউনিটি নেতা) ছিলেন বলে পুলিশ জানায়।
স্থানীয়দের বরাতে ওসি মোহাম্মদ আলী জানান, শনিবার বিকালে ওই ব্লকের মাঝি (কমিউনিটি নেতা) কামাল হোসেনের চায়ের দোকানের সামনে আড্ডা দিচ্ছিলেন রওশন আলী। এক পর্যায়ে ৬/৮ রোহিঙ্গা দুষ্কৃতিকারী তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে। পরে দুষ্কৃতিকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
খবর পেয়ে স্বজনরা রওশন আলীকে উদ্ধার করে কুতুপালং রোহিঙ্গা শিবিরসংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি শেখ মোহাম্মদ আলী।
ওসি বলেন, “রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে এ খুনের ঘটনা ঘটে থাকতে পারে।”
