১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নৌকায় চড়া শাহজাহান ওমরের কুশপুতুল দাহ ঝালকাঠিতে

সাবেক এ বিএনপি নেতা এবার ঝালকাঠি-১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে লড়তে যাচ্ছেন।

নৌকায় চড়া শাহজাহান ওমরের কুশপুতুল দাহ ঝালকাঠিতে

ঝালকাঠিতে সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমরের কুশপুত্তলিকা দাহ করছেন বিএনপির নেতাকর্মীরা।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2023, 07:29 PM

Updated : 01 Dec 2023, 07:42 PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ায় ব্যারিস্টার শাহজাহান ওমরের কুশপুত্তলিকা দাহ করেছেন বিএনপির নেতাকর্মীরা। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক আইন প্রতিমন্ত্রী ছিলেন।

শুক্রবার বিকালে শহরের আমতলা সড়কে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আহমেদ সালাউদ্দিনের নেতৃত্বে কুশপুত্তলিকা দাহ করা হয়।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মিডিয়া সেলের দায়িত্বে থাকা মিজানুর রহমান মুবিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, সকালে জেলা শহরের পশ্চিম চাঁদকাঠী এলাকায় ঝাটা ও জুতা ঝুলিয়ে শাহজাহান ওমরের কুশপুত্তলিকা জ্বালিয়ে দেওয়া হয়। এ সময় জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা তার প্রতি ঘৃণা প্রকাশ করেন।

অপরদিকে বৈরবপাশার ডাপর এলাকায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা অবসরপ্রাপ্ত এ মেজর জেনারেলের কুশপুত্তলি দাহ করেন।

এছাড়া বিকালে শহরের আমতলা সড়কে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এবং ভৈরবপাশার ঢাপর এলাকায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা একই কর্মসূচি পালন করেন।

ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব শাহাদাৎ হোসেন বলেন, “শাহজাহান ওমর রাজপথে আন্দোলনে দলের নেতাকর্মীদের ঝড়ানো রক্তের সঙ্গে বেইমানি করেছেন। ১৫ বছর ধরে ‘ফ্যাসিবাদী’ কায়দায় যে দলটি ক্ষমতা কুক্ষিগত করতে নেতাকর্মীদের গুম ও খুন করেছে, রাজপথ রক্তে রঞ্জিত করেছে; সেই দলের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার মতো ঘৃণ্য কাজ আর হতে পারে না।

“তাকে ইতিমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি নৌকায় না উঠে স্বতন্ত্র প্রার্থী হলেও হয়তো কিছুটা কম ঘৃণিত হতেন। নির্বাচনে যাওয়ায় তার আম ছালা দুটোই যাবে।”

বিএনপির হয়ে ১৯৭৯ সাল থেকে পাঁচটি জাতীয় নির্বাচনে অংশ নিয়ে চারবার জয় পাওয়া শাহজাহান ওমর এবার ঝালকাঠি-১ আসন থেকে লড়তে যাচ্ছেন আওয়ামী লীগের নৌকা নিয়ে।

বিএনপির বর্জনের মধ্যে আগামী ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা নাটকীয়তার মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে চমকপ্রদ ঘোষণাটি এল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন বৃহস্পতিবার।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৫ নভেম্বর গ্রেপ্তার হওয়া এই নেতা বুধবার হঠাৎ করে জামিন পেয়ে যাওয়ার পরেই তিনি নির্বাচনে অংশ নেবেন বলে গুঞ্জন ছড়ায়।

সেই ঘটনায় গ্রেপ্তার বিএনপির নেতাদের মধ্যে শাহজাহান ওমরই একমাত্র নেতা, যিনি জামিন পেয়েছেন। বিকালে জামিন পাওয়ার পর সন্ধ্যাতেই তিনি মুক্তি পান।

বিএনপির ভাইস চেয়ারম্যান যে আওয়ামী লীগের হয়ে ভোটে যাচ্ছেন, সেই বিষয়টি বৃহস্পতিবার বিকালে জানা যায়। ক্ষমতাসীন দলের সভাপতি শেখ হাসিনার সই করা দলের মনোনয়নের টিকিটের ছবি ভাইরালও হয়ে যায়।

এরপর শাজহাজান ওমর সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন, জানান তিনি বিএনপি ছেড়ে দিয়েছেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াও এই বিষয়টি জানান গণমাধ্যমকর্মীদের।

গত রোববার আওয়ামী লীগ যে মনোনয়ন ঘোষণা করে তাতে ঝালকাঠি-১ আসন দেওয়া হয় তিনবারের সংসদ সদস্য বজলুল হক হারুনকে। তবে শেষ বেলায় তাকে হতাশ হতে হয়।

আরও পড়ুন:

পুরানো খবর:

বিএনপি ত্যাগ করে আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমর

পুরানো খবর:

আর কতবার নির্বাচনের বাইরে থাকব: শাহজাহান ওমর

পুরানো খবর:

বিএনপির শাহজাহান ওমর এখন আওয়ামী লীগের প্রার্থী

পুরানো খবর:

বিকালে জামিন, সন্ধ্যায় মুক্ত বিএনপির শাহজাহান ওমর

পুরানো খবর:

ভোটে আসা ১৫ নেতাকে বিএনপির বহিষ্কার

পুরানো খবর:

শাহজাহান ওমরের মনোনয়ন কৌশলগত: কাদের