নওগাঁয় দাঁড়িয়ে থাকা ট্রাকে অগ্নিসংযোগ
আগুনে ট্রাকের ইঞ্জিনসহ সামনের দিকে বেশ কিছু অংশ পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শুরুর আগের রাতে নওগাঁর মহাদেবপুর উপজেলায় দাঁড়িয়ে থাকা খালি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ইঞ্জিনসহ ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে হাট চকগৌরি এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন দেয় বলে জানিয়েছেন মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন।
মহাদেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের দলপ্রধান আশরাফুল ইসলাম জানান, ট্রাকটি হাট চকগৌরি এলাকার একটি সেতুর পশ্চিম পাশে দাঁড়িয়ে ছিল। ট্রাকে কোনো মালামাল ছিল না। রাত সাড়ে ১০টার দিকে ট্রাকটির সামনের অংশে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
“খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।”
তিনি আরও বলেন, আগুনে ট্রাকের ইঞ্জিনসহ সামনের দিকে বেশ কিছু অংশ পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
ওসি মোজাফফর হোসেন বলেন, ধারণা করা হচ্ছে অবরোধ সমর্থকরা এই ঘটনা ঘটিয়েছে। বিষয়টি তদন্ত করে ঘটনায় জড়িতদের আটক করা হবে। তদন্ত শুরু করা হয়েছে।
