২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে বন্যায় প্রায় ৫০০ কোটি টাকার ক্ষতি

বন্যায় জেলায় ১০ হাজার ৬৬০টি বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। টাকার অংকে যার পরিমাণ ৪৯ কোটি ৩১ লাখ ৪৭ হাজার টাকা।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2023, 09:22 PM

Updated : 31 Aug 2023, 09:22 PM

বান্দরবানে সাম্প্রতিক বন্যায় প্রায় ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে; মোট ১৭টি খাতের ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করে এ তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের মিলনায়তনে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি ও উত্তরনের উপায় নিয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে এসব তথ্য জানান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।

বন্যার ২০ দিন পর প্রশাসনের পক্ষ থেকে ১৭টি খাতের মোট ৪৯৮ কোটি ৬৩ লাখ ১৯ হাজার ৬০০ টাকার ক্ষয়ক্ষতির পরিমাণ তুলে ধরেন তিনি।

জেলা প্রশাসক বলেন, “বন্যায় সময় বিদ্যুৎ ও মোবাইল নেটওর্য়াক না থাকায় মানুষের ভোগান্তি বেড়েছিল। মূলত যোগাযোগের অভাবে বন্যায় কোথায় কী ঘটেছে এবং কার কী প্রয়োজন তা তাৎক্ষণিকভাবে জানার সুযোগ ছিল না। এ কারনে ভোগান্তিতে পড়েছিল সর্বস্তরের মানুষ। কোথাও সড়ক ধসে, কোথাও পাহাড় ধসে সড়ক যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন ছিল।”

মতবিনিময়ে খাতভিত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ তুলে ধরা হয়।

সেখানে বলা হয়, বন্যায় জেলায় ১০ হাজার ৬৬০টি বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। টাকার অংকে যার পরিমাণ ৪৯ কোটি ৩১ লাখ ৪৭ হাজার টাকা।

এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ১ কোটি ৭০ লাখ ৯৭ হাজার ৭৫০ টাকার ৯ হাজার ৫০৯টি ভেড়া, ছাগল, গরু, মহিষ, হাঁস, মুরগি ও শুকর; ৭ হাজার ৯৯৯ দশমিক ৭৬৫ হেক্টর শস্যক্ষেত ও বীজতলার ক্ষয়ক্ষতির পরিমাণ ১৯৬ কোটি ৫৮ লাখ ৯৬ হাজার ৭৫৬ টাকা, ১০০ দশমিক ১৫ হেক্টরে জমিতে অন্যান্য খামারের ক্ষয়ক্ষতির পরিমাণ ১ কোটি ৬ লাখ ৬০ হাজার ৭৫০ টাকা।

বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৮৯ দশমিক ২ কিলোমিটার বিদ্যুৎ লাইন, যার ক্ষতির পরিমাণ ১ কোটি ৬১ লাখ ৫৯ হাজার টাকা; ৬০টি মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডা ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে টাকার অংকে ক্ষতি হয়েছে ৪০ লাখ ৩০ হাজার টাকার।

সড়ক ও জনপথ বিভাগের ১১ দশমিক ২২ কিলোমিটার পাকা সড়কে ক্ষয়ক্ষতির পরিমাণ ১১০ কোটি টাকা, ইট বা খোয়া নির্মিত ৬৩৪ দশমিক ২ কিলোমিটারে সড়েকে ক্ষতির পরিমাণ ৩৬ কোটি ৫০ লাখ ৬০ হাজার টাকা, ৯৩টি ব্রিজে ক্ষয়ক্ষতির পরিমাণ ২৬ কোটি ৪০ লাখ টাকা, ৯২টি কালভার্টে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬ কোটি ৭১ লাখ টাকা, অন্যান্য ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ লাখ টাকা।

এসবের পাশাপাশি বনাঞ্চল, বনায়ন, নার্সারি, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি ও অকৃষিভিত্তিক ক্ষয়ক্ষতি, নলকূপ, স্বাস্থ্যসম্মত পায়খানা, জলাধার এবং স্বাস্ব্যসেবা সংক্রান্ত ক্ষয়ক্ষতির হিসাবও জানানো হয়।

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।

তিনি বলেন, “এবারের বন্যায় ২০৭টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে মোট ৩০ হাজার ২২০ জন মানুষ আশ্রয় নিয়েছিল। এছাড়া উঁচু সড়ক ও বাঁধে আশ্রয় নিয়েছিল ১৫০ জন। বন্যায় ও পাহাড় ধসে জেলায় মোট ১১ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৫৬, এখনও নিখোঁজ একজন।”

মতবিনিময় সভায় ভবিষ্যতে বন্যা পরিস্থিতি মোকাবেলায় কয়েকটি পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

জেলা প্রশাসক জানান, বন্যার কথা চিন্তা করে ভবিষ্যতে সরকারি ভবনগুলো উঁচু জায়গায় তৈরির পরিকল্পা নেওয়া হচ্ছে। নালা-নর্দমা কিভাবে দখলমুক্ত করা হবে সে পরিকল্পনাও করা হচ্ছে। প্রতিবার ভারী বৃষ্টি হলে বিদ্যুতের সাব-স্টেশন পানিতে তলিয়ে যায় বলে এগুলো নিয়ে নতুন পরিকল্পনা করা হবে।

এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মত উদ্ধারকারী দলকে কীভাবে আরও শক্তিশালী করা যায় তা নিয়েও নতুন পরিকল্পনা করা হচ্ছে।

মতবিনিময় সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এম এম শাহ নেওয়াজ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অরুপ চক্রবর্তী এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন উপস্থিত ছিলেন।

চলতি মাসের শুরুতে এক সপ্তাহের টানা বৃষ্টিতে বান্দরবানে ভয়াবহ বন্যা হয়। বন্যার পানিতে বিদ্যুৎ অফিস ডুবে বিদ্যুৎহীন হয়ে পড়ে গোটা জেলা। বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবাও দুর্বল হয়ে পড়ে। বিচ্ছিন্ন হয়ে যায় সড়ক যোগাযোগ ব্যবস্থাও।

সে সময় বান্দরবানের সঙ্গে সারাদেশের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে দ্বিতীয় সপ্তাহ থেকে পানি নেমে যাওয়ায় ধীরে ধীরে স্বাভাবিক হয় জনজীবন।