০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

সিত্রাং: গাজীপুরে মাটির ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু

সোমবার মধ্যরাতে ভারী বৃষ্টিপাত হলে মনসুরের মাটির ঘরের দেয়াল ধসে পাশের বেলায়েতের টিনের ঘরের উপর পড়ে।

সিত্রাং: গাজীপুরে মাটির ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু

গাজীপুরে বৃষ্টিতে ধসে পড়ে মাটির ঘরের দেয়াল

গাজীপুর প্রতিনিধি

Published : 25 Oct 2022, 08:28 PM

Updated : 25 Oct 2022, 09:09 PM

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রবল বর্ষণে মাটির দেয়াল ধসে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন।

কাপাসিয়া থানার ওসি এএফএম নাসিম জানান, উপজেলার কড়িহাতা এলাকায় সোমবার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত আনিসুর রহমান (৯) স্থানীয় ইকুরিয়া গ্রামের দিনমজুর বেলায়েত মোল্লার দ্বিতীয় ছেলে। 

স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম জানান, বেলায়েত মোল্লা পরিবার নিয়ে টিনের ঘরে বসবাস করেন।তাদের ঘরের পাশে চাচাতো ভাই মো. মনসুরের মাটির ঘর ছিল।

সোমবার মধ্যরাতে ভারী বৃষ্টিপাত হলে মনসুরের মাটির ঘরের দেয়াল ধসে বেলায়েতের টিনের ঘরের উপর পড়ে। এতে বেলায়েতের ছেলে আনিসুর রহমান ঘটনাস্থলেই মারা যায়। আহত হন বেলায়েতের স্ত্রী, আরেক ছেলে ও দুই মেয়ে। 

পরে স্বজন ও প্রতিবেশিরা আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদের মধ্যে বেলায়েতের বড় ছেলে আল আমিনকে (১১) চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। 

এ বিষয়ে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ বলেন, “খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে বসত ঘর মেরামত ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে।” 

ওসি এএফএম নাসিম জানান, এ ব্যাপারে মঙ্গলবার অপমৃত্যু মামলা হয়েছে। পরে আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।