নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল তরুণের
রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকাগামী ট্রেনে কাটা পড়ে সুমনের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।
নারায়ণগঞ্জ সদরে ট্রেনে কাটা পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সোয়া ৮টায় শহরের বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর মোহাম্মদ।
নিহত ২৫ বছর বয়সী সুমন সদর উপজেলার মাসদাইর এলাকার ইকবালের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকাগামী ট্রেনের নিচে কাটা পড়ে সুমনের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই নূর মোহাম্মদ বলেন, ওই তরুণ নিজের নাম ও ঠিকানা জানানোর পর জ্ঞান হারিয়ে ফেলেন। নিহতের পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে পুলিশ৷
মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
