২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে গ্রন্থাগারের সিলিং ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত

“আবার বিদ্যুৎ গেলে জেনারেটরের সমস্যা, জেনারেটরও চলে না।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2024, 10:15 AM

Updated : 22 Feb 2024, 10:15 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় অল্পের জন্য রক্ষা পেয়েছেন পাশে থাকা অপর এক শিক্ষার্থী।

সোমবার দুপুর ১টার দিকে গ্রন্থাগারের দুই তলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লাইব্রেরির অতিরিক্ত ভারপ্রাপ্ত শিক্ষক মো. সাজ্জাদুর রহমান।

আহত আনিসুর রহমান ইতিহাস বিভাগের শিক্ষার্থী।

এর আগে বেশ কয়েকবার এমন দুর্ঘটনার শিকার হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সহযোগিতা চাওয়া হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি শিক্ষার্থীদের।

গ্রন্থাগারে পড়তে আসা পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের শিক্ষার্থী ফারজানা নিপা বলেন, “আমার এবং পাশের ভাইয়ের মাঝখানে ফ্যানটা পড়েছে। চলন্ত অবস্থায় থাকায় ওনার মাথায় পাখা লেগেছে। কয়েক সেন্টিমিটারের ব্যবধানে আমি বেঁচে গেছি। অনেক ভয় পেয়েছিলাম।

“লাইব্রেরিতে আমরা পড়তে যাই, মরতে নয়। নীচে বসে এতো উপরে ফ্যানের অবস্থা জানাতো সম্ভব না। মান্ধাতার আমলের এই ফ্যানগুলো সংস্কার না করলে যে কেউ দুর্ঘটনার শিকার হবে। এ বিষয়ে দ্রুত কর্তৃপক্ষের পদক্ষেপ প্রত্যাশা করছি।”

গ্রন্থাগারে কর্মরত প্রবীণ কর্মচারীরা জানান, আশির দশক থেকে এই ফ্যানগুলো চলছে। ফ্যানগুলোর বেহাল অবস্থা। ঝুঁকি জেনেও বছরের পর বছর লাইব্রেরিতে নিয়মিত পড়াশোনা করছেন শিক্ষার্থীরা। এর আগেও ২০২০ সালের মার্চে লাইব্রেরি ভবনের নীচতলায় চলন্ত ফ্যান খুলে পড়ে একজনের মাথা ফেটে গিয়েছিলো।

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আল আমিন বলেন, “লাইব্রেরিতে ফ্যান পড়ে যাওয়ার ঘটনা আজকে নতুন না। লাইব্রেরির ফ্যান লাইট সবকিছুরই মেইন্টেনেন্স জরুরি হয়ে পড়েছে। অনেক ফ্যান ঠিকমতো ঘুরেই না, অনেক জায়গায় লাইটের অভাব রয়েছে।

“আবার বিদ্যুৎ গেলে জেনারেটরের সমস্যা, জেনারেটরও চলে না। লাইব্রেরির রক্ষণাবেক্ষণের জন্য যে বাজেট হয় সেটার যথাযথ ব্যবহার হলে এমনটা হওয়ার কথা নয়।”

এ বিষয়ে লাইব্রেরির অতিরিক্ত ভারপ্রাপ্ত শিক্ষক সাজ্জাদুর রহমান বলেন, “দুর্ঘটনার পর বিষয়টি নিয়ে কোষাধ্যক্ষ ম্যাডামের সঙ্গে বসেছিলাম। ভবনটিতে প্রায় ৬০টি ফ্যান এবং ৭০টি লাইট পরিবর্তনের উদ্যোগ নিয়েছি। অর্থায়নের বিষয়েও কথা চূড়ান্ত হয়েছে।

“মেরামতের জন্য লাইব্রেরি দুই দিন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে।”

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০২ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]