১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরিশালে বাগদা চিংড়ির ৫ লাখ রেনু জব্দ, নদীতে অবমুক্ত

অভিযান চালানোর সময় পাচারকারীরা পালিয়ে যান বলে কোস্টগার্ডের দাবি।

বরিশালে বাগদা চিংড়ির ৫ লাখ রেনু জব্দ, নদীতে অবমুক্ত

ট্রাকে থাকা ১৪টি প্লাস্টিকের ড্রাম থেকে চিংড়ির ৫ লাখ রেনু জব্দ করা হয় বলে কোস্টগার্ড জানান।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2023, 11:30 PM

Updated : 16 Feb 2023, 11:30 PM

বরিশাল নগরী থেকে বাগদা চিংড়ির ৫ লাখ রেনু জব্দ করেছে কোস্টগার্ড। 

বৃহস্পতিবার ভোরে পাচার করার সময় ট্রাকসহ রেনুগুলো জব্দ করা হয় বলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেনেন্ট বিএন কেএম শাফিউল কিঞ্জল জানান। 

তিনি জানান, গোপন সংবাদে তাদের একটি দল কীর্তনখোলা নদীর উপর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ব্রিজের টোলপ্লাজায় অবস্থান নেয়। ভোর পৌনে ৫টার দিকে সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। 

“এ সময় ট্রাকে থাকা ‘পাচারকারীরা’ কৌশলে পালিয়ে যান। পরে ট্রাক থাকা ১৪টি প্লাস্টিকের ড্রাম থেকে চিংড়ির ৫ লাখ রেনু জব্দ করা হয়।” 

কিঞ্জল জানান, রেনুগুলো সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্যামতের উপস্থিতিতে কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়। ট্রাকটি মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। 

কিঞ্জল আরও বলেন, “তেতুলিয়াসহ আশপাশের নদী থেকে এসব রেনু অবৈধভাবে শিকার করা হয়েছিল। সেগুলো পটুয়াখালীর দশমিনা থেকে বাগেরহাটের উদ্দেশে নেওয়া হচ্ছিল।” 

মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্যামত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাগদা চিংড়ি রেনু-পোনা শিকার ও পাচার নিষিদ্ধ। তাই রেনুগুলো জব্দ করে নদীতে অবমুক্ত করা হয়েছে। ট্রাকটি আমাদের হেফাজতে আছে। আবেদন পেলে যথাযথ আইনগত প্রক্রিয়া মেনে মালিককে হস্তান্তর করা হবে।”