নরসিংদীতে কলেজছাত্রীর সঙ্গে শিক্ষকের ‘অশালীন’ আচরণ, বিক্ষোভ
নিজের স্কুলের সাবেক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে এই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ।
নরসিংদীতে এক কলেজছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ তুলে একটি স্কুলের প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন বিদ্যালয়টির শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে বেলাব উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্টান্ডে এই বিক্ষোভ হয়।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা- বেলাব সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ জানান, খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিক্ষার্থী ও স্থানীয়রা জানান, উপজেলার খামারের চর এলাকার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার এক সাবেক ছাত্রীকে (বর্তমানে কলেজ ছাত্রী) দাওয়াতে নিয়ে যাওয়ার কথা বলে তার খালি বাসায় ডেকে নেন। পরে সেখানে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার সঙ্গে অশালীন আচরণ ও শ্লীলতাহানির চেষ্টা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, গোপনে মোবাইল ফোনে এই ঘটনার অডিও রেকর্ড করে রাখেন ওই ছাত্রী। পরে তা ফেইসবুকে ছড়িয়ে পড়ে।
অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, দুপুরে বিদ্যালয়টির শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষুদ্ধ হয়ে ওঠেন। বিক্ষুব্ধরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে তিনি নিজে, বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা জান্নাত তাহেরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ সরিয়ে নেন বলে জানান সত্যজিৎ।
এই ঘটনায় লিখিত অভিযোগ পাননি বলে জানান সত্যজিৎ।
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা জান্নাত তাহেরা বলেন, চলমান এসএসসি পরীক্ষা শেষ হলে ঘটনাটি তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ সরিয়ে নেয়। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
