ঠাকুরগাঁওয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ
সাংবাদিক জুনাইদ কবিরের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে চিকিৎসক জানান।
ঠাকুরগাঁও সদর উপজেলায় সংবাদ সংগ্রহ করতে যাওয়া এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্য ও তার লোকজনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া জহুরা মার্কেটে এ ঘটনা ঘটে বলে সাংবাদিক জুনাইদ কবির জানান।
আহত সাংবাদিক জুনাইদ ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি।
আরিফ নারগুন ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।
হাসপাতালে চিকিৎসাধীন জুনাইদ কবির বলেন, “ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে একটি আখ ক্ষেত কাটার ঘটনায় ইউপি সদস্য আরিফের সাক্ষাৎকার নেওয়া হয়। পরে ইউনিয়নের চেয়ারম্যানের সাক্ষাৎকার নেওয়ার জন্য পরিষদের উদ্দেশ্যে রওনা হই। পথে কহরপাড়া জহুরা মার্কেটের সামনে ইউপি সদস্য আরিফ ও তার লোকজন আমার পথরোধ করে লাঠিসোটা দিয়ে মারধর শুরু করেন। এক পর্যায়ে আরিফ জহুরা মার্কেটের একটি দোকানে আমাকে আটকে রাখেন।”
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে জেলার অন্য সাংবাদিকরা জুনাইদ কবিরকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
জুনাইদ কবিরের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আফরিন জানান।
এদিকে, সাংবাদিক জুনাইদ কবিরকে মারপিটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তির দাবি করে ঠাকুরগাঁও প্রেসক্লাব, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ জেলার সাংবাদিকরা।
ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ বলেন, “লেখালেখি বা তথ্য সংগ্রহ করতে গেলেই সাংবাদিকরা মারপিট, হামলা-মামলাসহ হয়রানির শিকার হচ্ছেন। তাই অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না।”
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক, আজ জাতির বিবেকরা মারধরের শিকার হচ্ছেন। এসব ঘটনা দুঃখজনক। সাংবাদিক জুনাইদ কবিরকে মারধরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে হবে।”
অবিলম্বে সাংবাদিক জুনাইদ কবিরকে মারধর ও হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলন করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
ইউপি সদস্য আরিফের সঙ্গে যোগাযোগ করা হলে মারধরের বিষয়টি তিনি অস্বীকার করেন।
ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন বলেন, “সাংবাদিক জুনাইদ কবিরকে মারপিট করা হয়েছে বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
